অস্থিতিশীলতার শঙ্কায় পণ্য খালাস বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরে হঠাৎ করে গত দুই দিনে পণ্য খালাসের হার বেড়ে গেছে।
হরতাল-অবরোধের মতো কঠোর কর্মসূচি হলে দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়বে এবং এতে বন্দর থেকে পণ্য খালাসে বিলম্ব হতে পারে—এমন শঙ্কায় পণ্য খালাসের হার বাড়ছে বলে জানা গেছে।
বন্দরের তথ্য অনুযায়ী, সাধারণত এই বন্দরে দৈনিক গড়ে এক হাজার ৬০০ কনটেইনার (প্রতিটি ২০ ফুট দীর্ঘ) খালাস হয়। তবে ঈদের বন্ধের পর এক সপ্তাহ পণ্য খালাসে ধীরগতি থাকে। কিন্তু এবারে ব্যতিক্রম লক্ষ করা যাচ্ছে।
ছুটির পর তিন দিনের মাথায় গত মঙ্গলবার বন্দর থেকে পণ্যভর্তি আড়াই হাজার কনটেইনার খালাস হয়। পরদিন বুধবার খালাস হয়েছে দুই হাজার ৮৭৫ কনটেইনার। গতকাল বৃহস্পতিবারও খালাসের হার বাড়ছিল বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।
বন্দরসচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, প্রতিবার ঈদের বন্ধের এক সপ্তাহ পর গড়ে দুই হাজার ২০০ কনটেইনার খালাস হলেও এবার গড়ে আড়াই হাজার করে কনটেইনার খালাস হচ্ছে।
বন্দর সূত্র জানায়. পণ্য খালাসের হার বাড়তে থাকায় বন্দরে পণ্যভর্তি কনটেইনারের সংখ্যা কমছে। ঈদের ছুটির পর বন্দরে আমদানি পণ্যভর্তি সাড়ে ২৫ হাজার কনটেইনার জমে যায়। এখন তা কমে দাঁড়িয়েছে ২২ হাজার ৭৯১টিতে। আমদানিকারকদের পক্ষে পণ্য খালাসকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক লিয়াকত আলী হাওলাদার বলেন, বন্ধের কারণে বন্দরে পণ্যভর্তি কনটেইনার জমে যাওয়ায় ও সামনে রাজনৈতিক অস্থিতিশীলতার শঙ্কায় খালাসের হার বেড়েছে।