অস্থির এক সপ্তাহ পার করল বিশ্ব অর্থবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বজুড়ে অর্থবাজার একটি অস্থির সপ্তাহ অতিক্রম করল। মুদ্রাবাজারে ডলারের বিপরীতে বিভিন্ন মুদ্রার ওঠানামা, পণ্যবাজারে স্বর্ণের রেকর্ড মূল্যবৃদ্ধি আর শেয়ারবাজারে উত্থান-পতনের মধ্য দিয়ে সপ্তাহটি শেষ হয়েছে গত শুক্রবার।এর বিপরীতে গোটা সপ্তাহজুড়ে বাজারের অস্থিরতা কমানোর বিভিন্ন পদক্ষেপ নিতে দেখা গেছে বিভিন্ন দেশকে। এরই ধারাবাহিকতায় সপ্তাহের শেষ কার্যদিবসে ফ্রান্স, ইতালি, বেলজিয়াম ও স্পেন শেয়ারবাজারে লেনদেনের ক্ষেত্রে শর্ট সেলিং বন্ধ ঘোষণা করে।শর্ট সেলিং হলো হাতে শেয়ার বা বন্ড না থাকার সত্ত্বেও তা বিক্রি করে লাভ তোলার একটি কৌশল। এ প্রক্রিয়ায় শেয়ার বা বন্ড ধার করে দাম কমে যাওয়ার আশঙ্কায় তা বিক্রি করে দেওয়া হয়। এরপর তা আবার কম দামে কিনে মূল মালিককে ফিরিয়ে দেওয়া হয়। মাঝখান থেকে বিক্রেতা কিছু মুনাফা তুলে নেয়। তবে ইউরোপিয়ান সিকিউরিটিজ অ্যান্ড মার্কেটস অথরিটির চেয়ারম্যান স্টিভেন মেইজুর জানিয়েছেন, শর্ট সেলিং নিষিদ্ধকরণ অন্য দেশগুলোতেও আরোপ করার কোনো পরিকল্পনা নেই। যুক্তরাষ্ট্রের সার্বভৌম ঋণমান কমে যাওয়ার পর গত সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবারে মার্কিন ডলার ও ইউরো, জাপানি ইয়েন ও সুইস ফ্রাঁর বিপরীতে পড়ে যায়। বাজারে ব্যাপক ধারণা ছিল, ইউরোপের কন্টাগিওন বা আর্থিক সংকট ছড়িয়ে পড়ার যথেষ্ট ঝুঁকি রয়েছে। আর তাই গত মঙ্গলবার সুইস ফ্রাঁর বিপরীতে প্রতি ইউরো রেকর্ড সর্বনিম্নে ১ দশমিক ০৩৫৫০ ফ্রাঁতে চলে যায়। তবে গত বুধবার ফেডারেল রিজার্ভ আরও দুই বছরের জন্য তাদের বেঞ্চমার্ক সুদের হার শূন্যের কাছাকাছি রাখার ঘোষণার পর প্রতি মার্কিন ডলার সুইস ফ্রাঁর বিপরীতে শূন্য দশমিক ৭০৬৭৬ ফ্রাঁতে চলে যায়। বুধবার ইউরোও ডলার ও সুইস ফ্রাঁর বিপরীতে পড়ে যায়। প্রতি ইউরো ১ দশমিক ৪১৯০ ডলারে লেনদেন হয়েছে ওই দিন। জাপানি ইয়েনের বিপরীতে প্রতি ইউরো ১০৮ দশমিক ৪২ ইয়েনে লেনদেন হয় একই দিনে। মার্কিন ডলারও একই দিনে মার্চ মাসের রেকর্ড সর্বনিম্ন ৭৬ দশমিক ২৫ ইয়েনের কাছাকাছি প্রতি ডলার ৭৬ দশমিক ৩৯ ইয়েনে নেমে আসে। শুক্রবারে সুইস কেন্দ্রীয় ব্যাংক সুইস ফ্রাঁর দর পেগ বা স্থির করে দেওয়ার ইঙ্গিত দেওয়ায় ইউরোর বিপরীতে দর পড়ে যায়। মার্কিন ডলার ইয়েনের বিপরীতে রেকর্ড সর্বনিম্নের কাছে ৭৬ দশমিক ৭৭ ইয়েনে নেমে আসে শুক্রবার। সপ্তাহের শেষে প্রতি ইউরো ১ দশমিক ৪২৫১ ডলারে, প্রতি পাউন্ড স্টার্লিং ১ দশমিক ৬২৮০ ডলারে, প্রতি ডলার ৭৬ দশমিক ৭২ ইয়েনে এবং প্রতি ডলার শূন্য দশমিক ৭৭৮২ সুইস ফ্রাঁর কাছাকাছি লেনদেন শেষ করে। এদিকে গত সপ্তাহজুড়ে সেফ হ্যাভেন বা নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের দাম বাড়তে থাকে। বিনিয়োগকারীরা ক্রমেই স্বর্ণের দিকে ঝুঁকে পড়ায় রেকর্ডের পর রেকর্ড গড়েছে স্বর্ণের দাম। তবে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার ঘুরে দাঁড়ানোয় গত বৃহস্পতিবার স্বর্ণের দাম কিছুটা কমে আসে। গত সপ্তাহের শুক্রবারেও স্বর্ণের দাম আরও পড়ে যায়। সবমিলিয়ে সপ্তাহজুড়ে স্বর্ণের দাম বেড়েছে প্রায় ৫ শতাংশ। এ পর্যন্ত ২০১১ সালে স্বর্ণের দাম বেড়েছে প্রায় ২২ শতাংশ। গত বৃহস্পতিবারে যুক্তরাষ্ট্রের স্বর্ণ আউন্সপ্রতি এক হাজার ৮১৭ দশমিক ৬০ ডলারের রেকর্ড গড়ে। স্পট বাজারে স্বর্ণ আউন্সপ্রতি এক হাজার ৮১৩ দশমিক ৭৯ ডলারে উঠে আসে। গত সপ্তাহের প্রথমার্ধে অপরিশোধিত তেলের দামের ফিউচার্সের সূচক নাইমেক্স গত আট মাসের সর্বনিম্নে চলে যায়। গত বৃহস্পতিবার ফিউচার্সের নাইমেক্স সূচক প্রতি ব্যারেল ৮১ দশমিক ৩৪ ডলারে নেমে এলেও শুক্রবারে তা প্রতি ব্যারেল ৮৫ দশমিক ৩৪ ডলারে সপ্তাহ শেষ করেছে। প্রতি আউন্স রৌপ্য ৩৯ দশমিক ১১ ডলারে সপ্তাহ শেষ করেছে। দেশের মুদ্রাবাজার: গত সপ্তাহে আন্তব্যাংক মুদ্রাবাজারে বাংলাদেশি টাকার বিপরীতে প্রতি মার্কিন ডলারের দর কিছুটা পড়েছে। গত সপ্তাহের শুরুতে প্রতি ডলার ৭৪ টাকা ৬৯ পয়সা থেকে ৭৪ টাকা ৭৫ পয়সায় সপ্তাহ শুরু করে সপ্তাহের শেষে বৃহস্পতিবার ডলারপ্রতি ৭৪ টাকা ৭০ পয়সা থেকে ৭৪ টাকা ৭৫ পয়সায় লেনদেন শেষ করেছে। গত সপ্তাহে বৃহৎ বাণিজ্যিক ব্যাংকগুলোকে ডলার বিক্রি করতে তৎপর দেখা গেছে ওই দিন। বেশির ভাগ লেনদেন প্রতি ডলার ৭৪ টাকা ৭০ পয়সায় সম্পন্ন হয়েছে।গত সপ্তাহে কল মানির সুদের হার নেমে এসেছে ৮ থেকে সাড়ে ৮ শতাংশের মধ্যে। আগের সপ্তাহে সর্বোচ্চ সীমা ১২ শতাংশ গত সপ্তাহে নেমে এসেছে। গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংকে ৯১ দিন ও ১৮২ দিন মেয়াদি ট্রেজারি বিলের যথাক্রমে ৩৫০ কোটি ও ৩০০ কোটি টাকার নিলাম অনুষ্ঠিত হয়েছে। এই নিলামে ওই মেয়াদগুলোর জন্য অন্তর্নিহিত সুদের হার যথাক্রমে ৭ দশমিক ৪০ শতাংশে এবং ৭ দশমিক ৬৫ শতাংশে নির্ধারিত হয়েছে। অন্যদিকে গত ৯ আগস্ট বাংলাদেশ ব্যাংকে ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের ৩০০ কোটি টাকার দরপত্র গৃহীত হয়েছে। ওই মেয়াদের অন্তর্নিহিত সুদের হার ৯ দশমিক ৪৫ শতাংশ থেকে বেড়ে ৯ দশমিক ৫০ শতাংশে নির্ধারিত হয়েছে। [সূত্র: বিবিসি ও সিটিব্যাংক এনএ]