অস্থির এক সপ্তাহ পার করল শেয়ারবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজার অস্থির আরেকটি সপ্তাহ পার করল। তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের বিষয়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশনার বিরুদ্ধে আদালতে দায়ের করা একাধিক পরিচালকের রিট আবেদন ঘিরে এই অস্থিরতা তৈরি হয়। যদিও সপ্তাহের শেষ কার্যদিবসে এক পরিচালকের রিট প্রত্যাহারের ঘোষণায় বাজার ঊর্ধ্বমুখী আচরণ করে। তবে সপ্তাহ শেষে বাজারের সব কটি সূচকই ছিল নিম্নমুখী। গত সপ্তাহে চার কার্যদিবসের মধ্যে দুই দিন বাজারে বড় দরপতন ঘটেছে। এর ফলে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক কমেছে প্রায় ১ দশমিক ৬৪ শতাংশ বা ৮৫ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক এক সপ্তাহের ব্যবধানে কমেছে প্রায় ১ দশমিক ৭১ শতাংশ বা ২৬১ পয়েন্ট। সাপ্তাহিক বাজার পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে বেসরকারি খাতের ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্ির্সটির বিজনেস বিভাগের শিক্ষক মোহাম্মদ মূসা প্রথম আলোকে বলেন, ‘গত সপ্তাহে শেয়ারবাজারটি আদালতের রিটকে ঘিরেই পুরোপুরি প্রভাবিত হয়েছে। কোম্পানির মৌলিক কোনো পরিবর্তনজনিত ভূমিকা বাজারে ছিল না। আমাদের বাজার যে এখনো পরিপূর্ণ নয়, এটি আবারও প্রমাণিত হলো। এ বাজারের বিনিয়োগকারীদের একটি বড় অংশের মধ্যেই এখনো অনভিজ্ঞতা রয়ে গেছে।’ মূসা আরও বলেন, বাজারে যখন একটি ইস্যু বা বিষয় সামনে চলে আসে, তখন একটি পক্ষ সেটিকে নিজেদের স্বার্থে ব্যবহার করে। অনভিজ্ঞতার কারণেই ব্যক্তিশ্রেণীর বিনিয়োগকারীদের বড় একটি অংশ এ সুযোগ করে দেয়। ডিএসইর তথ্য অনুযায়ী, গত সপ্তাহে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দামই কমেছে। ঢাকার বাজারে গত সপ্তাহে ২৭৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৮৪টিরই দাম কমেছে, বেড়েছে ৭৮টির আর অপরিবর্তিত ছিল ১২টির দাম। একই চিত্র ছিল চট্টগ্রামের বাজারেও। সিএসইতে গত সপ্তাহে ২১৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৪৩টির দাম কমেছে, বেড়েছে ৬১টির আর অপরিবর্তিত ছিল ১২টির দাম।সপ্তাহ শেষে ঢাকার বাজারে মোট লেনদেনের পরিমাণ ছিল প্রায় এক হাজার ৫৪০ কোটি টাকা। আগের সপ্তাহের চেয়ে যা প্রায় ১৫ শতাংশ বা ২৭৪ কোটি টাকা কম। গত সপ্তাহে ডিএসইতে দৈনিক গড় লেনদেনের পরিমাণ আগের সপ্তাহের চেয়ে প্রায় ৬৯ কোটি টাকা কমে নেমে এসেছে ৩৮৫ কোটি টাকায়। সপ্তাহ শেষে ডিএসইর সাধারণ সূচক কমে দাঁড়িয়েছে প্রায় পাঁচ হাজার ৭৭ পয়েন্টে। তবে গত বুধবারের বড় ধরনের দরপতনের ফলে ডিএসইর সাধারণ সূচক পাঁচ হাজার পয়েন্টের নিচে নেমে গিয়েছিল। গত সপ্তাহ শেষে ডিএসইতে শেয়ারের গড় মূল্য আয়ের অনুপাত (পিই রেশিও) আগের সপ্তাহের চেয়ে ২ দশমিক ২৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১২ দশমিক ৯৫-এ।