অস্থির পুঁজিবাজার: এক সপ্তাহে সূচক কমল ১০ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারের অস্থিরতা যেন কোনোভাবেই কাটতে চাইছে না। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের পর বাজার স্বাভাবিক হবে বলে আশা করেছিলেন সংশ্লিষ্টরা। সরকারের পক্ষ থেকে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান এম খায়রুল হোসেন পুঁজিবাজার নিয়ে বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন। এই প্যাকেজ বিনিয়োগকারীদের মাঝে আশার সঞ্চার করে। তবে সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ সংক্রান্ত নতুন করে প্রজ্ঞাপন দেওয়া এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের (সামরিক-বেসামরিক) বিনিয়োগ নিয়ে সরকারের পক্ষ থেকে একটি পরিপত্র জারি করা হয়। যদিও পরে ওই পরিপত্র প্রত্যাহার করা হয়। এই বিষয় দুটি বিনিয়োগকারীদের মাঝে আবারও নতুন করে হতাশার সৃষ্টি করে। যার নেতিবাচক প্রতিফলন দেখা যায় গত সপ্তাহের বাজারে।এক সপ্তাহের বাজার পর্যালোচনা করে দেখা যায়, সপ্তাহের পাঁচ কর্ম দিবসের মধ্যে চারদিনই দরপতনের ঘটনা ঘটেছে দেশের পুঁজিবাজারে। আর বাজারে অব্যাহত দরপতনের প্রতিবাদে গত সোমবার মতিঝিল এলাকায় হরতাল ডাক দেন বিনিয়োগকারীরা। ওইদিন বিকেলে বিনিয়োগকারীদের বিক্ষোভের সময় হঠাত্ করে লাঠিপেটা করে তাঁদেরকে ডিএসইর সামনে থেকে সরিয়ে দেওয়া হয়। ঘটনাস্থল থেকে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আটজনকে আটক করে পুলিশ। অবশেষে পুলিশের চাপে ওই রাতেই হরতাল প্রত্যাহার করা হয়।ডিএসই সূত্রে জানা যায়, গত সপ্তাহে ডিএসইর সাধারণ মূল্য সূচক ৯.২৯ শতাংশ অর্থাত্ ৪৫৯ পয়েন্ট কমেছে। ৪৯৪৬ পয়েন্ট নিয়ে এ সপ্তাহ শুরু হলেও সপ্তাহ শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক দাঁড়িয়েছে ৪৪৮৬ পয়েন্টে। একইসঙ্গে প্রতিদিনের গড় লেনদেন আগের সপ্তাহের চেয়ে ১৯ দশমিক ৮৬ শতাংশ কম অর্থাত্ প্রতিদিন গড়ে ২৪১ কোটি টাকা করে লেনদেন হয়। আর লেনদেন হওয়া ২৭২টি প্রতিষ্ঠানের মধ্যে ২৬১টিরই দাম কমেছে। বেড়েছে মাত্র সাতটি প্রতিষ্ঠানের দাম।গত সপ্তাহে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হল- বেক্সিমকো, গ্রামীণ ফোন, আরএন স্পিনিং, ইউনাইটেড এয়ার, এনবিএল, সোস্যাল ইসলামী ব্যাংক, যমুনা অয়েল, বিকন ফার্মা, ইউসিবিএল ও ফু-ওয়াং সিরামিকস।এ ব্যাপারে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাবেক সভাপতি ও বর্তমান পরিচালক ফখরউদ্দিন আলী আহমেদ প্রথম আলো অনলাইনকে বলেন, বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি নিয়ে বাজারে গুজব শোনা যাচ্ছিল। তবে ঘোষিত মুদ্রানীতিতে পুঁজিবাজার নিয়ে নেতিবাচক কোনো কিছু না থাকায় বিষয়টি বাজারে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তাছাড়া সামনে কোম্পানিগুলোর লভ্যাংশ ঘোষণার সময় আসছে। এ বিষয়টিও ইতিবাচক হিসেবে দেখছেন তিনি।ফখরউদ্দিন আরও বলেন, বাজারে স্বাভাবিকতা ও গতিশীলতা আনতে নতুন বিনিয়োগকারীদের আনতে হবে। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সচেষ্ট থাকতে হবে।