অস্থির রাজনীতি, শঙ্কিত ব্যবসায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাবান্ধা স্থলবন্দরে পণ্যবাহী ভারতীয় ট্রাকের সারি l ছবি: প্রথম আলো
বাংলাবান্ধা স্থলবন্দরে পণ্যবাহী ভারতীয় ট্রাকের সারি l ছবি: প্রথম আলো

নির্বাচনকেিন্দ্রক রাজনৈতিক অস্থিরতায় ২০১৩ সালে দেশের ব্যবসা-বাণিজ্য একধরনের ভঙ্গুর দশায় চলে গিয়েছিল। তবে বড় ধরনের অস্থিরতা না থাকায় গত বছর ব্যবসায়ীরা সে অবস্থা কাটিয়ে উঠেছিলেন।
কিন্তু নতুন বছরের শুরুতে দেশে ফের রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। ৫ জানুয়ারিকে ঘিরে সরকার ও বিরোধী দলের পাল্টাপাল্টি কর্মসূচিতে গত সোমবার কার্যত অচল ছিল ঢাকাসহ সারা দেশ। এ কারণে ব্যাহত হয়েছে অর্থনৈতিক কর্মকাণ্ডও। গতকাল মঙ্গলবার থেকে সারা দেশে পালিত হচ্ছে টানা অবরোধ কর্মসূচি।
নানা পর্যায়ের ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, অবরোধের প্রথম দিনে গতকাল মঙ্গলবার ব্যবসা-বাণিজ্যে তেমন প্রভাব পড়েনি। তবে এরই মধ্যে ভোগ্যপণ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যেরই সরবরাহব্যবস্থা কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। সারা দেশে ঠিকমতো পণ্য পৌঁছায়নি। অনেক স্থানের আমদানিকারক ট্রাকের অভাবে ঢাকায় পণ্য ও কাঁচামাল পাঠাতে পারেনি।
ব্যবসায়ীরাই বলছেন, অবরোধ বা এ ধরনের রাজনৈতিক কর্মসূচি চললে তা অর্থনৈতিক কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব ফেলবে এবং সরবরাহব্যবস্থা ভেঙে পড়বে। কারখানায় পণ্যের মজুত জমে যাবে। ফলে উৎপাদনও কমিয়ে দিতে বাধ্য হবেন ব্যবসায়ীরা।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন রশিদ প্রথম আলোকে বলেন, এখনকার অবরোধটা পুরোপুরি অপ্রত্যাশিত। এমনিতেই এক দিনের ক্ষতি পুষিয়ে নিতে কয়েক দিন লেগে যায়। এটা অব্যাহত থাকলে ব্যবসা-বাণিজ্যে দীর্ঘমেয়াদি ক্ষতি হয়ে যাবে। অনেক ছোট প্রতিষ্ঠান এই লোকসান সহ্য করতে পারবে না। তিনি আরও বলেন, ‘রাজনীতিবিদদের সহনশীল হতে হবে, সমঝোতার মাধ্যমে রাজনৈতিক সমস্যার সমাধান করতে হবে। রাজনৈতিক অস্থিরতা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না।’
রাজনীতিকদের দেশের অর্থনীতি নিয়ে ভাবার অনুরোধ করে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘২০১৩ সালে রাজনৈতিক অস্থিরতা শেষে অনেক কষ্টের পর গত বছর আমরা আবার ব্যবসায় ফিরে আসি। আমাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়। এই মুহূর্তে রাজনৈতিক অস্থিরতা দেখা দিলে ক্রেতাদের মধ্যে আবারও অনিশ্চয়তা তৈরি হবে। শেষ পর্যন্ত এটি হলে আমাদের ব্যাক টু বিজনেস নয়, ব্যাক টু প্যাভিলিয়নে পাঠিয়ে দেবে ক্রেতারা। ফলে আমাদের আজকালের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে আমরা কোন অবস্থানে থাকব।’
নির্বাচনকেন্দ্রিক হরতাল-অবরোধ-সহিংসতার কারণে ২০১৩ সালে দেশের ব্যবসা-বাণিজ্যের এক লাখ কোটি টাকার ওপরে অর্থনৈতিক ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) এক প্রতিবেদনে জানিয়েছিল। ওই বছরের সংঘাতময় রাজনৈতিক কর্মসূচিতে ওই বছরের জানুয়ারি থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত হরতাল-অবরোধ হয় ৬২ দিন।
অস্থিরতা ঘিরে আশঙ্কা: বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম বলেন, রানা প্লাজা ধসের পর কর্মপরিবেশ উন্নয়নে ব্যাংক থেকে ঋণ নিয়ে অনেক কারখানা সংস্কার কার্যক্রম চালাচ্ছে। এই ইতিবাচক বার্তা বিশ্বজুড়ে পৌঁছেছে। কিছুদিন ধরে কারখানাগুলো ভালো ক্রয়াদেশও পাচ্ছিল। এখন যদি হরতাল-অবরোধের মতো ঘটনা ঘটে, তবে বিরাট ক্ষতি হয়ে যাবে।
বিষয়টি ব্যাখ্যা করে বিজিএমইএ সভাপতি বলেন, হরতাল ও অবরোধ অব্যাহত থাকলে পণ্য সরবরাহ বিঘ্নিত হবে, শ্রমিকেরা কারখানায় আসতে পারবেন না। ক্রেতারাও নিরাপত্তার কারণে এ দেশে আসবেন না। শেষ পর্যন্ত এমনটি হলে ২০২১ সালের মধ্যে পাঁচ হাজার কোটি ডলারের পোশাক রপ্তানি সম্ভব হবে না। তিনি জানান, ক্ষয়ক্ষতি কমাতে অবরোধের মধ্যে রাতে পুলিশ প্রহরায় রপ্তানিপণ্য বন্দরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে খুদে বার্তা ও ই-মেইলের মাধ্যমে এ বিষয়টি সব কারখানায় জানানো হয়েছে।
২০১৪ সালে নিট পোশাকমালিকদের মধ্যে আস্থা ফিরে এসেছিল। গত ২০১৩-১৪ অর্থবছরে নিট পোশাকে প্রবৃদ্ধিও হয় ১১ শতাংশ। অনেক উদ্যোক্তাই কর্মপরিবেশ উন্নয়নে ৫ থেকে ১০ কোটি টাকা বিনিয়োগ করেছেন। এখনো গ্রীষ্মকালীন পোশাকের ক্রয়াদেশ পাচ্ছে কারখানাগুলো। তবে বর্তমান পরিস্থিতিতে ফের আশাহত হয়ে পড়েছেন উদ্যোক্তারা।
এমন তথ্য জানিয়ে নিট পোশাকমালিকদের সংগঠন বিকেএমইএর সহসভাপতি আসলাম সানি বলেন, ‘আমরা নিজেরাই নিজেদের ধ্বংস করে দিচ্ছি। রাজনীতিবিদেরা তো লোকসানের ভাগিদার হবেন না, ভাগিদার হব আমরা। ব্যাংকের দায়ও আমাদেরই শোধ করতে হবে। হরতাল-অবরোধের মতো কর্মসূচি চললে উৎপাদন খরচ ২০-২৫ শতাংশ বেড়ে যাবে। আমরা প্রতিযোগিতা সক্ষমতা হারাব। ক্রেতারা ক্রয়াদেশ দেবে না।’
সরবরাহ শঙ্কায়: সারা দেশে মিল্ক ভিটার পর সবচেয়ে বেশি পাস্তুরিত তরল দুধ সরবরাহ করে ব্র্যাক ডেইরি। ব্র্যাকের কারখানা থেকে স্বাভাবিক অবস্থায় প্রতিদিন সারা দেশে ৯০ হাজার থেকে এক লাখ লিটার দুধ সরবরাহ করা হয়। তবে গত সোমবার কারখানা থেকে সরবরাহ করা হয়েছে ৭৮ থেকে ৮০ হাজার লিটার দুধ।
ব্র্যাক ডেইরির কারখানা ব্যবস্থাপক আমতাজ আলী প্রথম আলোকে বলেন, ‘অবরোধের প্রভাব এখনো তেমন পড়েনি। সরবরাহ সামান্য কমেছে। তবে আমরা ভয়ে আছি, আতঙ্কের মধ্যে গাড়ি বের করছি।’ তিনি জানান, অনেক দোকানই বন্ধ থাকতে পারে—এমন আশঙ্কায় অনেক পরিবেশকই দুধ কম নিয়েছেন।
বিস্কুট, চানাচুর, স্ন্যাকস, মসলা, তরল দুধ, জুস, চালসহ নানা ধরনের ভোগ্যপণ্য প্রস্তুত ও বাজারজাত করে প্রাণ-আরএফএল গ্রুপ। ভোগ্যপণ্য বাজারজাতকারী এ প্রতিষ্ঠানটি গত দুই দিনে সারা দেশে ঠিকমতো পণ্য পৌঁছাতে পারেনি।
প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান বলেন, ‘আমাদের কারখানাগুলো থেকে প্রতিদিন পণ্যবাহী ৭০০ ট্রাক সারা দেশে যায়। কিন্তু গত দুই দিনে যেতে পেরেছে এর ৬০ শতাংশ। অন্য সময়ে আমরা প্রতিদিন দেড় লাখ লিটার দুধ সংগ্রহ করতে পারি। গত দুদিনে পেরেছি এক লাখের মতো।’
কামরুজ্জামান আরও বলেন, অবরোধ যদি অব্যাহত থাকে, তাহলে তো ট্রাক পাঠানো বন্ধও হয়ে যেতে পারে। এতে কারখনায় পণ্য জমে যাবে। তার প্রভাব উৎপাদনেও পড়বে।
দোকানের ব্যবসা ঢিলেঢালা: শপিং মল, বিপণিবিতানসহ সারা দেশে ছোট-বড় ২৫ লাখ দোকান আছে। এসব দোকানে গড়ে তিন হাজার টাকার বেচাবিক্রি হয়। ৫ শতাংশ মুনাফা বাদ দিলেও প্রতিদিন এসব দোকানে লোকসানের পরিমাণ ১৫০ কোটি টাকা।
এ হিসাব বাংলাদেশ দোকান মালিক সমিতির। হরতাল-অবরোধে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হন মন্তব্য করে সমিতির চেয়ারম্যান এস এ কাদের কিরণ বলেন, ‘আজ (মঙ্গলবার) দোকানপাট খোলাই ছিল। তবে লাভ কী, কাস্টমার তো নাই। সোমবার তো দেশের বেশির ভাগ দোকানপাটই বন্ধ ছিল।’
আটকে আছে পণ্য: বেনাপোল স্থলবন্দর থেকে গত সোমবার ৪৪৯টি পণ্যবাহী ট্রাক ছেড়ে গেলেও গতকাল ট্রাকসংকটে অনেক ব্যবসায়ীই ঢাকায় পণ্য পাঠাতে পারেননি।
যশোরের সারথী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মতিয়ার রহমান প্রথম আলোকে জানান, তাঁর কাছে বস্ত্র খাতের কাঁচামাল কালি এবং ওষুধ খাতের কাঁচামাল কীটনাশক বন্দরে পড়ে আছে। এগুলো ঢাকায় পাঠাতে ১৫টি ট্রাক লাগবে। কিন্তু ট্রাক নেই। হাসপাতাল ও শিল্পের গ্যাসভর্তি ৪০ ফুটের তিনটি ট্যাংকার রয়েছে। ভারতের ট্যাংকার থেকে এসব ট্যাংকারে গ্যাস ভর্তি করা হয়েছে। কিন্তু ট্রাকসংকটে এসবও ঢাকায় পাঠাতে পারছেন না তিনি।
বিএনপির ডাকা অনির্দিষ্টকালের অবরোধের কারণে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর অচল হয়ে পড়েছে। এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এতে স্থলবন্দরটির উভয় পাশে শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে আছে।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন মনিরুল ইসলাম, যশোর এবং শহীদুল ইসলাম, পঞ্চগড়}