অস্থির রাজনৈতিক পরিস্থিতি সত্ত্বেও অর্থনীতি স্থিতিশীল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলমান রাজনৈতিক অস্থিরতার প্রভাবে সম্প্রতি মাসগুলোয় বাংলাদেশের অর্থনীতি চাপের মুখে পড়েছে। তার পরও চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে অর্থনীতি অনেকটাই স্থিতিশীল অবস্থা ধরে রাখতে সক্ষম হয়েছে।
মেট্রোপলিটন চেম্বার চলতি ২০১৩-১৪ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়কালে দেশের অর্থনৈতিক পরিস্থিতি যে মূল্যায়ন করেছে, তাতে এ অভিমত তুলে ধরা হয়েছে। এতে আরও বলা হয়েছে, শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকলে অর্থনৈতিক পরিস্থিতি আরও অনেক ভালো হতো।
মেট্রো চেম্বারের পর্যালোচনা ও মূল্যায়ন প্রতিবেদনটি গতকাল গণমাধ্যমের কাছে প্রেরণ করা হয়েছে। এতে বলা হয়েছে, রাজনৈতিক অস্থিরতার নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে প্রধান খাতগুলোয়। বড় বড় দাতা সংস্থা ইতিমধ্যেই পূর্বাভাস দিয়েছে যে চলতি অর্থবছর বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৫ দশমিক ৭ থেকে ৫ দশমিক ৮ শতাংশের মধ্যে থাকবে।
উল্লেখ্য, সরকার চলতি অর্থবছর জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধার্য করেছে ৭ দশমিক ৫০ শতাংশ।
মেট্রো চেম্বার বলছে, রাজনৈতিক অস্থিরতার সত্ত্বেও কৃষি খাতের কর্মকাণ্ড আলোচ্য প্রান্তিকে বেশ ভালো ছিল। সব ধরনের প্রতিকূলতার মুখেও মূল্যস্ফীতির হার নিম্নমুখী হয়েছে। রপ্তানি আয় বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে। বাণিজ্য ঘাটতি কমেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ এক হাজার ৭০০ কোটি ডলার ছাড়িয়েছে।
মেট্রো চেম্বারের প্রতিবেদনে অবশ্য এও বলা হয়েছে, শিল্পোৎপাদন ও সেবা খাতের কর্মকাণ্ড সম্ভাবনার চেয়ে অনেক কম হয়েছে। এমনিতেই ভৌত অবকাঠামোর অপ্রতুলতা এবং বিদ্যুৎ ও জ্বালানির অব্যাহত সংকট এই দুই খাতের ওপর সমস্যা দীর্ঘায়িত করে রেখেছে। এর ওপর রাজনৈতিক অস্থিরতা এবং বিরোধী দলের হরতাল-অবরোধের মতো রাজনৈতিক কর্মসূচি সমস্যাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।
অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন ও মূল্যস্ফীতির হার নির্ধারিত সীমার মধ্যে রাখতে হলে চলমান রাজনৈতিক সংঘাতের অবসান অবশ্যই ঘটাতে হবে বলে মনে করে মেট্রো চেম্বার। কেননা, রাজনৈতিক অস্থিরতার কারণে সৃষ্ট সহিংসতা অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যাহত করে, প্রবৃদ্ধির অন্তরায় হয় এবং সরবরাহব্যবস্থা বাধাগ্রস্ত করে মূল্যস্ফীতিকে উসকে দেয়।
বাণিজ্য সংগঠনটি বলছে, অর্থনীতি আরও কিছু ক্ষেত্রে সমস্যা মোকাবিলা করছে, যার দ্রুত নিষ্পত্তি হওয়া প্রয়োজন। আমদানি-রপ্তানিকারকেরা অর্থায়নের ক্ষেত্রে সমস্যায় পড়েছে। কেননা বেশির ভাগ ব্যাংকই ঋণপত্র খোলার জন্য আগের চেয়ে অধিক মার্জিন বা আগাম অর্থ দাবি করছে।
আবার ব্যাংক থেকে ঋণ নেওয়ার আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক ব্যয় অনেক বেড়ে যাওয়ার প্রভাবে বেসরকারি খাতে ঋণপ্রবাহ শ্লথ হয়ে গেছে। ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা উচ্চ ব্যয়ে নিরুৎসাহিত হয়ে বিদেশ থেকে ঋণ নিতে শুরু করেছেন।
মেট্রো চেম্বার সতর্ক করে দিয়ে বলেছে, বিদেশি ঋণের ওপর বেসরকারি খাতের নির্ভরতা বাড়তে থাকলে তা দেশের লেনদেনের ভারসাম্যের ওপর ভবিষ্যতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
মেট্রো চেম্বারের মতে, যতক্ষণ পর্যন্ত ব্যাংক থেকে ঋণ নেওয়ার ব্যয় যৌক্তিক পর্যায়ে আনা না যাবে, ততক্ষণ পর্যন্ত বেসরকারি বিনিয়োগ বাড়বে না এবং প্রত্যাশিত জিডিপি প্রবৃদ্ধিও অর্জিত হবে না।