অস্থিরতা কাটছে না পুঁজিবাজারে
পুঁজিবাজারে অব্যাহত দরপতনের ফলে পুঁজি হারিয়ে দিনে দিনে নিঃস্ব হয়ে পড়ছেন বিনিয়োগকারীরা। সরকারের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও কোনোভাবেই দরপতন ঠেকানো যাচ্ছে না। পুঁজি হারিয়ে দিশেহারা দুই বিনিয়োগকারীর আত্মহত্যার ঘটনাও ঘটেছে গত সপ্তাহে।শেয়ার বাজারের বর্তমান পরিস্থিতিতে করণীয় ঠিক করতে পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে মঙ্গলবার বৈঠক করেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান অধ্যাপক এম খায়রুল হোসেন। কিন্তু কোনো ধরনের সুনির্দিষ্ট সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়। ওই বৈঠকের খবরে একদিন বাজার বাড়লেও পরের দিন থেকে আবারও দরপতন শুরু হয়। তবে ওই দিন বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমান শেয়ারবাজারে গুজব, তারল্য ও আস্থার সংকটই প্রধান সমস্যা। আর এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সব পক্ষ এক মত পোষণ করেছে।এসইসির পক্ষ থেকে বলা হয়, ‘বাজারের বর্তমান এই অবস্থা এক দিনে তৈরি হয়নি। সুতরাং এ অবস্থা থেকে উত্তরণ এক দিনে সম্ভব নয়।’ তবে এ অবস্থা থেকে উত্তরণের পথ খুঁজতে সব পক্ষের সঙ্গে আলোচনা চলছে বলেও জানানো হয়।এবার পুঁজি হারিয়ে আত্মহত্যার ঘটনাও দেখা গেল। গত সোমবার ঢাকার মতিঝিলের গোপীবাগে লিয়াকত আলী (৪০) নামের এক বিনিয়োগকারী আত্মহত্যা করেন। আর বৃহস্পতিবার চট্টগ্রামের কোতোয়ালি থানার কাজীর দেউড়ি এলাকায় আত্মহত্যা করেন দিলদার আহমেদ (৫৬)।বাজার বিশ্লেষণে দেখা যায়, গত এক সপ্তাহে প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক ১৪.২৯ শতাংশ অর্থাত্ ৬৪১ পয়েন্ট কমেছে। চার হাজার ৪৮৬ পয়েন্ট নিয়ে সপ্তাহের লেনদেন শুরু হলেও সপ্তাহ শেষে সূচক দাঁড়ায় চার হাজার পয়েন্টের নিচে অর্থাত্ তিন হাজার ৮৪৫ পয়েন্টে। সূচকের পাশাপাশি প্রতিদিনের গড় লেনদেনও কমেছে। এ সপ্তাহের ডিএসইর গড় লেনদেন ৪.৪৯ শতাংশ কমে প্রতিদিন গড়ে ২৩০ কোটি টাকা করে লেনদেন হয়েছে।গত সপ্তাহে লেনদেন হওয়া ২৭৩টি প্রতিষ্ঠানের মধ্যে ২৬১টিরই দাম কমেছে। বেড়েছে মাত্র পাঁচটি প্রতিষ্ঠানের দাম।এ সময়ে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো—গ্রামীণফোন, বেক্সিমকো, ইউনাইটেড এয়ার, এনবিএল, আরএন স্পিনিং, সোস্যাল ইসলামী ব্যাংক, বিকন ফার্মা, ফুওয়াং সিরামিক, ইউসিবিএল ও স্কয়ার ফার্মা।বাজারের বর্তমান অবস্থা নিয়ে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান উর রশিদ চৌধুরী বলেন, একটি চক্র কারসাজির মাধ্যমে শেয়ারের দাম কমিয়ে বিনিয়োগকারীদের কাছ থেকে শেয়ার কিনে নিচ্ছেন। পরে আবার তাঁরা বেশি দামে শেয়ার বিক্রি করবেন। এক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।