অস্থিরতায় ব্যক্তি খাতের বিনিয়োগে তেজিভাব নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৫–১৬ অর্থবছরের বাজেট সামনে রেখে রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে গতকাল রোববার সেন্টার ফর পলিসি ডায়ালগ আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা l প্রথম আলো
২০১৫–১৬ অর্থবছরের বাজেট সামনে রেখে রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে গতকাল রোববার সেন্টার ফর পলিসি ডায়ালগ আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা l প্রথম আলো

দেশে রাজনৈতিক অনিশ্চয়তা ও অনুদারতার কারণে ব্যক্তি খাতের বিনিয়োগে তেজিভাব নেই। এ কারণে ব্যক্তি খাতের বিনিয়োগ প্রণোদনা বা উৎসাহমূলক সুবিধা পাচ্ছে না। বিরাষ্ট্রীয়করণে শ্লথগতি, সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) উদ্যোগে স্থবিরতা ও ব্যাংকিং খাতে সুশাসনের মতো নীতি সংস্কারের অভাবে দেশে কাঙ্ক্ষিত হারে বিনিয়োগ হচ্ছে না। আবার রাজনৈতিক অনুদারতার কারণে এসব খাতে নীতি সংস্কার হচ্ছে না। ফলে বেসরকারি উদ্যোক্তারা বিনিয়োগে উৎসাহ পাচ্ছেন না।
আগামী ২০১৫-১৬ অর্থবছরের বাজেট প্রস্তাব দিতে গিয়ে দেশের বিনিয়োগ পরিস্থিতি এভাবেই তুলে ধরে বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিডিপি)। এ উপলক্ষে ঢাকায় মহাখালীর ব্র্যাক সেন্টারে গতকাল রোববার এক সংবাদ সম্মেলনের আয়োজন করে গবেষণা সংস্থাটি। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির গবেষক তৌফিকুল ইসলাম খান।
সংবাদ সম্মেলনে আগামী অর্থবছরের বাজেটে বেসরকারি বিনিয়োগ চাঙা করা এবং করবহির্ভূত আয়ে জোর দিয়ে রাজস্ব আহরণ বৃদ্ধিসহ কয়েকটি পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে সিপিডি। সংস্থাটি অবশ্য মনে করছে, ব্যক্তি খাতের বিনিয়োগ উৎসাহিত করতে সবচেয়ে বেশি দরকার বিদ্যমান রাজনৈতিক অনিশ্চয়তা দূর করা, যা বাজেটের মাধ্যমে দূর করা যাবে না। এর জন্য দরকার রাজনৈতিক সমঝোতার পরিবেশ।
সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘মূল কাঠামোগত সমস্যা হচ্ছে, ব্যক্তি খাতের বিনিয়োগে তেজিভাব নেই। সক্ষমতা ও নেতৃত্বের অভাবে প্রয়োজনীয় নীতি সংস্কার হচ্ছে না। তাই নিজস্ব সক্ষমতা দিয়ে যখন এসব নীতি সংস্কার করতে পারছি না, তখন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের মতো প্রতিষ্ঠানকে ডেকে আনি। এসব প্রতিষ্ঠান যা বলছে, তা খারাপ বলছি না।’
দেবপ্রিয় ভট্টাচার্যের মতে, স্বাধীন বিচারব্যবস্থা রয়েছে কি না, প্রশাসনে দলীয়করণ হচ্ছে কি না কিংবা দুর্নীতি দমন কমিশন (দুদক) ও নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করতে পারছে কি না—এসব বিষয় বিবেচনা করেই উদ্যোক্তারা বিনিয়োগ করেন।
আগামী অর্থবছরের বাজেটে সুনির্দিষ্ট প্রস্তাবের চেয়ে কোন পরিস্থিতিতে বাজেট দিতে যাচ্ছেন অর্থমন্ত্রী—একেই বেশি গুরুত্ব দিয়েছে সিপিডি। এর মধ্যে রয়েছে পণ্য সরবরাহে কার্যকর ব্যবস্থাপনা, জনশক্তি রপ্তানি বৃদ্ধি, সরকারি প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানো, সুশাসন নিশ্চিতকরণ ও স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করা।
বর্তমানে মূল্যস্ফীতি ও ব্যাংকঋণের সুদহার কমে আসা, ভর্তুকির চাপ না থাকা এবং বাজেট ঘাটতি নিয়ন্ত্রণে থাকাকেই অর্থনীতির স্বস্তির জায়গা বলে মনে করে সিপিডি। সংস্থাটির মতে, এত স্বস্তির জায়গা থাকা সত্ত্বেও ব্যক্তি খাতে বিনিয়োগ চাঙা হচ্ছে না। রাজনৈতিক সহিংসতা এখন অর্থনীতির সম্ভাবনার পথে বড় বাধা। সব মিলিয়ে চলতি ২০১৪-১৫ অর্থবছরেও মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ৬ শতাংশ প্রবৃদ্ধির ফাঁদ থেকে বের হয়ে আসা সম্ভব হবে না।
এ প্রসঙ্গে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ৬ শতাংশ প্রবৃদ্ধির ফাঁদ থেকে বের হতে যে নীতি ও রাজনৈতিক সংস্কার দরকার, তার অভাব পীড়াদায়ক হয়ে গেছে।
আগামী অর্থবছরে রাজস্ব আদায়ে বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণের পরামর্শ দিয়ে সিপিডি বলেছে, চলতি অর্থবছরে মোট রাজস্ব আদায়ে ২৫ হাজার কোটি টাকা ঘাটতি হতে পারে। কর আদায়ের ক্ষেত্র বাড়ানো, বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে রাজস্ব আদায় বৃদ্ধি ও কর ফাঁকি রোধের মাধ্যমে কর আদায় বাড়ানো যেতে পারে।
সিপিডি মনে করে, আগামী অর্থবছরের বাজেটে ব্যয়ের দিক থেকে সবচেয়ে বড় ঝুঁকি হবে সরকারি কর্মকর্তাদের নতুন বেতনকাঠামো বাস্তবায়ন। এর জন্য প্রায় ২৩ হাজার কোটি টাকার সংস্থান রাখতে হবে। নতুন বেতনকাঠামো বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের উচিত হবে আর্থিক সক্ষমতা ভালোভাবে যাচাই করা।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম প্রমুখ।