অস্থিরতায় সার্বিক লেনদেন ও মূল্যসূচক কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে তিনটি নতুন কোম্পানি তালিকাভুক্ত হয়েছে। কোম্পানিগুলো হলো প্রিমিয়ার সিমেন্ট, গোল্ডেন হারভেস্ট ও গ্লোবাল হেভি কেমিক্যালস। সপ্তাহজুড়ে কোম্পানি তিনটি ডিএসইতে লেনদেনের শীর্ষ পাঁচ কোম্পানির তালিকায় অবস্থান করে। সম্মিলিতভাবে তাদের লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২৭১ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ২৩ শতাংশ।সার্বিকভাবে দরপতনের মধ্য দিয়েই গত সপ্তাহটি পার করেছে ডিএসই। বড় ধরনের দরপতনের মধ্য দিয়ে শুরু হয় সপ্তাহের লেনদেন। পাঁচ কার্যদিবসের মধ্যে চারটিতেই দরপতন ঘটে। সপ্তাহের প্রথম কার্যদিবস গত রোববারই ডিএসইর সাধারণ সূচক প্রায় ৫ শতাংশ বা ১৯৮ পয়েন্ট কমে যায়। পরদিন সোমবার অবশ্য সূচক ঘুরে দাঁড়ালেও শেষ তিন দিন টানা দরপতন ঘটেছে। ফলে সপ্তাহান্তে ডিএসইর সাধারণ সূচক তিন দশমিক ২৯ শতাংশ বা ১৩৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে তিন হাজার ৯১৪ পয়েন্টে। আর ঢাকার বাজারে নতুন চালু হওয়া সূচক ডিএসইএক্স সপ্তাহ শেষে প্রায় সাড়ে তিন শতাংশ বা ১৪০ পয়েন্ট খুইয়ে তিন হাজার ৮৩৩ পয়েন্টে নেমে আসে। সপ্তাহজুড়ে দরপতনের জন্য দেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিকে দায়ী করেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে এর সঙ্গে বিশ্লেষকেরা ভিন্নমত পোষণ করেছেন। তাঁরা বলেন, রাজনৈতিক অস্থিরতার বিষয়টিকে একটি গোষ্ঠী নিজেদের স্বার্থে ব্যবহার করছে। এ কারণে একই অবস্থা বিরাজমান থাকা সত্ত্বেও এক দিন বড় দরপতন ঘটে আর পর দিন দেখা যায় ঠিক উল্টো চিত্র। জানতে চাইলে পুঁজিবাজার বিশ্লেষক ও বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বাণিজ্য অনুষদের শিক্ষক মোহাম্মদ মূসা প্রথম আলোকে বলেন, ‘গত সপ্তাহে দেশের রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি শেয়ারবাজারেও অস্থিরতা দেখেছি। আমার মনে হয়, রাজনৈতিক অস্থিরতার বিষয়টিকে কেউ কেউ নিজেদের প্রয়োজনে কাজে লাগিয়েছে। রাজনৈতিক অনিশ্চয়তার বিষয়টি এখনো পুরোপুরি কাটেনি। এ অবস্থায় চলতি সপ্তাহেও বাজার নিয়ে খুব আশাপ্রদ হওয়ার মতো কিছু আমি দেখছি না।’ মোহাম্মদ মূসা আরও বলেন, ‘সম্প্রতি নতুন তালিকাভুক্ত কোম্পানিগুলোও বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি করেছে। বিদ্যমান শেয়ার বিক্রি করে দিয়ে বিনিয়োগকারীরা উচ্চ মূল্যে ওই সব শেয়ার কিনছেন। এটি বাজারকে বড় সমস্যায় ফেলে দিচ্ছে। তাই আমি মনে করি নতুন শেয়ার তালিকাভুক্ত হওয়ার জন্য এটি যথাযথ সময় নয়। বিষয়টি নিয়ন্ত্রক সংস্থা ও স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ ভেবে দেখতে পারে।’ঢাকার বাজারে গত সপ্তাহে ২৯১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে আগের চেয়ে ২২০টিরই দাম কমেছে, বেড়েছে মাত্র ৫৮টির আর অপরিবর্তিত ছিল ছয়টির দাম। সপ্তাহ শেষে ডিএসইতে দৈনিক গড় লেনদেনের পরিমাণ প্রায় সাড়ে ১৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৩৯ কোটি টাকায়, যা আগের সপ্তাতে ছিল প্রায় ২৮৩ কোটি টাকা। আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ কমে দাঁড়িয়েছে এক হাজার ১৯৬ কোটি টাকা, যা আগের সপ্তাহের চেয়ে ২২১ কোটি টাকা কম। ডিএসইর জরুরি সভা আজ: দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে শেয়ারবাজারে অস্থিরতা রোধে করণীয় নির্ধারণে আজ রোববার জরুরি সভায় মিলিত হতে যাচ্ছে ডিএসইর পরিচালনা পর্ষদ। সংস্থাটির সভাপতি রকিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘রোববার দুপুর ১২টায় এই সভা আহ্বান করা হয়েছে। সভায় বর্তমান পরিস্থিতিতে করণীয় নির্ধারণ করা হবে।’রকিবুর রহমান আরও বলেন, ‘বাজারে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো কীভাবে দ্রুত সমাধান করা যায় তা নিয়েও আলোচনা করা হবে।’