অস্পষ্টতা রেখেই সংশোধন হচ্ছে আইসিবির অধ্যাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) প্রাতিষ্ঠানিক বৈশিষ্ট্য নিয়ে প্রশ্ন তুলেছে খোদ অর্থ মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলছে, প্রতিষ্ঠানটি কি কোনো ব্যাংক, না কোনো আর্থিক প্রতিষ্ঠান—তা স্পষ্ট নয়। অথচ এই অস্পষ্টতা রেখেই সংশোধন করা হচ্ছে বিদ্যমান আইসিবি অধ্যাদেশ, ১৯৭৬। এতে করে বিদ্যমান অধ্যাদেশে বেশ কিছু পরিবর্তন আসছে। একেবারেই নতুন—এমন কিছু ধারাও সংযোজিত হচ্ছে এতে। এই সংশোধনটিও করছে অর্থ মন্ত্রণালয়। জানা গেছে, অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এই অধ্যাদেশটির সংশোধন বিষয়ে একটি খসড়া চূড়ান্ত করেছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত দেখে দেওয়ার পর খসড়াটি উপস্থাপিত হওয়ার কথা মন্ত্রিসভার বৈঠকে।অর্থ মন্ত্রণালয় গত ১৪ জুন আইসিবির কাছে এক চিঠি পাঠিয়ে জানতে চেয়েছে, ‘অধ্যাদেশের ৩(৩) ধারায় ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ বহাল থাকবে, না এর পরিবর্তে আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ বাক্যটি অন্তর্ভুক্ত হবে।’ অর্থাত্ আইসিবিকে আইনগত ব্যাংক হিসেবে গণ্য করা হবে, নাকি আর্থিক প্রতিষ্ঠান হিসেবে, তা জানতে চায় মন্ত্রণালয়। পর্ষদ সভায় সিদ্ধান্ত নিয়ে গত ২৪ জুলাই আইসিবির এমডি ফায়েকুজ্জামান মন্ত্রণালয়কে জানান, ‘আইসিবির ক্ষেত্রে ব্যাংক কোম্পানি হিসেবে বিবেচিত হওয়ার বিদ্যমান নিয়মটিই বহাল রাখা যেতে পারে।’তবে অর্থ মন্ত্রণালয় এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। আর মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা জানান, এ বিষয়ে জটিলতা না করে শেষ পর্যন্ত আইসিবির চাওয়া পূরণ করে দেওয়াই ঠিক হবে। সংশোধিত আইসিবি অধ্যাদেশে সংস্থাটির জন্য একেবারেই নতুন পদ সৃষ্টি করা হচ্ছে। একজন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এবং একাধিক মহাব্যবস্থাপক (জিএম)। বর্তমান জনবল কাঠামোতে বলা রয়েছে, সরকার চাইলে একজন জিএম দিতে পারবে। পরিবর্তিত হয়ে এটি হবে—সরকার চাইলে একজন ডিএমডি ও একাধিক জিএম নিয়োগ দিতে পারবে। আইসিবির অনুমোদিত মূলধন বর্তমানে ৫০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ২৫০ কোটি টাকা। বাড়িয়ে অনুমোদিত মূলধন করা হচ্ছে এক হাজার কোটি টাকা। সংস্থাটিতে সরকারের ২৭ শতাংশ শেয়ার থাকার বিধানটি বহাল থাকছে। বাংলাদেশ ব্যাংক, শিল্প ব্যাংক ও বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা (বিএসআরএস) মিলিয়ে বর্তমানে আইসিবিতে শেয়ার রয়েছে ২৪ শতাংশ। শিল্প ব্যাংক ও বিএসআরএস একীভূত হয়ে বর্তমানে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) হয়ে গেছে। অধ্যাদেশের ৪(৩) (বি) ধারা পরিবর্তিত হয়ে তাই শিল্প ব্যাংক ও বিএসআরএসের জায়গায় যুক্ত করা হচ্ছে বিডিবিএল ও রাষ্ট্রায়ত্ত ব্যাংক।আইসিবির বর্তমান পর্ষদে বাংলাদেশ ব্যাংকের নির্বাচিত একজন পরিচালক থাকার বিধান রয়েছে। এটি পরিবর্তন করে করা হচ্ছে সরকার নিযুক্ত পরিচালক। তবে শেয়ারধারীদের মাধ্যমে চারজন পরিচালক নির্বাচিত হওয়ার বিধানটিতেও কোনো পরিবর্তন আনা হচ্ছে না। বর্তমানে নির্বাহী কমিটির দুজন ছাড়া কোরাম না হওয়ার বিধান থাকলেও সংশোধিত অধ্যাদেশে তা বাড়িয়ে তিনজন করা হচ্ছে।মন্ত্রণালয় সূত্র জানায়, পুঁজিবাজারের স্বার্থে বিদ্যমান আইসিবি অধ্যাদেশে সংস্থাটিকে বেশ কিছু বাড়তি সুবিধা দেওয়া হয়েছে, যা অন্যান্য প্রতিষ্ঠান থেকে ব্যতিক্রম। যেমন: আইসিবির পরিচালনা পর্ষদ বিধিবিধান তৈরির জন্য ক্ষমতাপ্রাপ্ত। এর শেয়ার সার্টিফিকেটও অনুমোদিত সার্টিফিকেট হিসেবে বিবেচিত হয়। এ ছাড়া ব্যাংকের মতোই সঞ্চয় সংগ্রহ, স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি বিনিয়োগ; ব্যাংক গ্যারান্টি দেওয়া; সিন্ডিকেট ব্যবস্থায় অর্থায়ন ইত্যাদি কার্যক্রম পরিচালনা করতে পারে আইসিবি।জানা গেছে, এসব কিছুর পরও ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে চায় আইসিবি। যুক্তি হিসেবে আইসিবির পর্ষদ বিডিবিএলের উদাহরণ টেনে অর্থ মন্ত্রণালয়কে বলেছে, বিডিবিএল ডেভেলপমেন্ট ব্যাংক হওয়া সত্ত্বেও বাণিজ্যিক ব্যাংকের কার্যক্রম পরিচালনা করে থাকে। আইসিবির মতে, বিশ্বের প্রায় সব দেশেই আর্থিক ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এসেছে। আগে ব্যাংক কোম্পানি অন্য সব কার্যক্রমের পাশাপাশি মুদ্রাবাজার থেকে সঞ্চয় সংগ্রহ করে স্বল্প মেয়াদে বিনিয়োগ করত এবং উদ্বৃত্ত অর্থ পুঁজিবাজারে বিভিন্ন প্রতিষ্ঠানকে অর্থায়ন করত। এখন সেই ধারার পরিবর্তন এসেছে। আইসিবি অর্থ মন্ত্রণালয়কে বলেছে, এখন ব্যাংক কোম্পানিও দীর্ঘ মেয়াদে এমনকি ১৫ থেকে ২০ বছর মেয়াদে বিনিয়োগ করে থাকে। ফলে পুঁজিবাজারে প্রয়োজনীয় অর্থ সরবরাহের ঘাটতি দেখা যায়। এই ঘাটতি পূরণে আইসিবি বা এর সহযোগী প্রতিষ্ঠানগুলোকে ব্যাংকিং কার্যক্রম করতে দেওয়া উচিত। তবে সরকার এখনই এ রকম সুযোগ দিতে সম্মত নয়। যোগাযোগ করা হলে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারী প্রথম আলোকে বলেন, ‘আইসিবি বা এর সহযোগী প্রতিষ্ঠানগুলোকে সরাসরি ব্যাংকিং কার্যক্রম করতে দেওয়ার কোনো বাস্তবতা বর্তমানে নেই।’