পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়াটা কেমিক্যালস লিমিটেডের শেয়ারের দাম অস্বাভাবিক বৃদ্ধির বিষয়টি খতিয়ে দেখতে দুই সদস্যের কমিটি গঠন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ মঙ্গলবার কমিশনের ৫১৯তম সভায় এ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তদন্ত কমিটির সদস্যরা হলেন বিএসইসির পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও উপপরিচালক আবুল কালাম আজাদ। কমিটিকে ১০ দিনের মধ্যে কমিশনে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
লভ্যাংশ ঘোষণাকে কেন্দ্র করে গতকাল সোমবার প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ৭১৬ শতাংশ বৃদ্ধি পায়। যদিও আগের দিন রোববার প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ৩০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করে। ঘোষিত লভ্যাংশের সঙ্গে দাম বৃদ্ধির হার ‘অস্বাভাবিক’ হিসেবে আখ্যা দেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাবেক সভাপতি ফখরউদ্দিন আলী আহমেদ।
আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষক মিজানুর রহমান ‘ইপিএস অনুযায়ী দামের এত উল্লম্ফন সমর্থযোগ্য নয়’ বলে সোমবার মন্তব্য করেন। এ-সংক্রান্ত একটি প্রতিবেদন গতকাল প্রথম আলোতে প্রকাশিত হয়।
এ দিকে লভ্যাংশ ঘোষণার পরদিন সংশ্লিষ্ট কোম্পানির শেয়ারের দর ওঠা-নামায় কোনো সীমা না থাকলেও ওয়াটা কেমিক্যালসের শেয়ারের দাম ৭১৬ শতাংশ বৃদ্ধি পাওয়ার বিষয়টি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার নজরে আসে। বিষয়টি কমিশনের শীর্ষ কর্মকর্তাদের ভাবিয়ে তোলে। এরই অংশ হিসেবে গতকাল ওই তদন্ত কমিটি গঠন করা হয়।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘২ জুন ওয়াটা কেমিক্যালস লিমিটেডের শেয়ারের দর অস্বাভাবিক বৃদ্ধির বিষয়ে কমিশনের দুজন কর্মকর্তার সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি আগামী ১০ দিনের মধ্যে কমিশনের নিকট প্রতিবেদন দাখিল করবে।’
১৯৯২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় ওয়াটা কেমিক্যালস। নিয়মিত লভ্যাংশ না দেওয়ায় এবং নিয়মিত বার্ষিক সাধারণ সভা না করায় অনেকটা শাস্তিস্বরূপ ২০১০ সালে বিকল্প ওটিসি বাজারে পাঠানো হয় এই কোম্পানিকে।
সাধারণত নিয়মিত এজিএম না করা, লভ্যাংশ না দেওয়া, সময়মতো আর্থিক প্রতিবেদন জমা না দেওয়া, কোম্পানির উত্পাদন বন্ধ হওয়া, শেয়ার ডিমেট না হওয়া প্রভৃতি কারণে কোম্পানিকে ওটিসিতে পাঠানো হয়। এসব শর্ত পূরণ হলে আবারও তাদের মূল বাজারে ফিরিয়ে আনা হয়।