অস্বাভাবিক দরবৃদ্ধি দুই কোম্পানির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্তির তিন মাসে আট গুণ দাম বেড়েছে জেএমআই সিরিঞ্জের। তালিকাভুক্ত আরেকটি কোম্পানি সিভিও পেট্রোকেমিক্যালসের দাম ছয় মাসে নয় গুণের বেশি বেড়েছে।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, অস্বাভাবিক দর বৃদ্ধিতে কোম্পানি দুটি অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। সাধারণ চোখে দুর্বল মৌলভিত্তির এই দুটি কোম্পানির শেয়ার নিয়ে কারসাজির বিষয়টি ধরা পড়লেও নিয়ন্ত্রক সংস্থা কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় হতাশ তাঁরা।
একাধিক বিনিয়োগকারী প্রথম আলোতে ফোন করে এ বিষয়ে তাদের উদ্বেগের কথা জানিয়েছেন।
চলতি বছরের ১৯ জুন ডিএসইতে তালিকাভুক্ত হয় জেএমআই সিরিঞ্জ। ওই দিন কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল ৩৫ টাকা ৫০ পয়সা। আর গতকাল সোমবার দিন শেষে সেটির দাম বেড়ে হয়েছে ২৮১ টাকা ৭০ পয়সা। এই তিন মাসের মধ্যে কার্যদিবস ছিল মূলত ৫৬ দিন।
২০১২ সালে সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস ছিল এক টাকা ১২ পয়সা। সেই হিসাবে গতকাল দিন শেষে কোম্পানিটির শেয়ারের মূল্য আয় অনুপাত (পিই রেশিও) দাঁড়িয়েছে প্রায় ২৫২।
একইভাবে গত এপ্রিল মাসে অপর তালিকাভুক্ত কোম্পানি সিভিও পেট্রোকেমিক্যালসের প্রতিটি শেয়ারের দাম ছিল মাত্র ৮৯ টাকা ৬০ পয়সা। আর গতকাল দিন শেষে তা বেড়ে হয়েছে ৮৫০ টাকা। সেই হিসাবে ছয় মাসে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ৯ দশমিক ৪৮ গুণ বেড়েছে।
সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে কোম্পানিটির শেয়ারের মূল্য আয় অনুপাত দাঁড়িয়েছে প্রায় ৩২০-এ। আর প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে পিই রেশিও বেড়ে হয়েছে ৬৭৮।
অবশ্য দুই কোম্পানির বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা তদন্তের ঘোষণা দিলেও প্রভাব নেই দর বৃদ্ধির ধারায়।