অস্বাভাবিক বৃদ্ধির পর এবার দরপতন
অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে আরও ছয়টি কোম্পানি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিঠির জবাবে কোম্পানিগুলো গতকাল বুধবার এই তথ্য জানিয়েছে। বিনিয়োগকারীদের সচেতন করতে এই তথ্য ডিএসইর ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
এদিকে গত দুদিনে ডিএসই যে ১৬টি কোম্পানির কাছে তথ্য জানতে চেয়েছে গতকাল সেসব কোম্পানির অধিকাংশেরই দরপতন ঘটেছে। ডিএসইর তথ্য পর্যালোচনায় দেখা গেছে, যে হারে এসব কোম্পানির দাম বেড়েছিল দরপতনের ধারাটিও তেমন।
এই ১৬ কোম্পানির মধ্যে ১২টির দাম কমেছে। সর্বনিম্ন তিন শতাংশ থেকে সর্বোচ্চ দশ শতাংশ পর্যন্ত দাম কমেছে এই ১২ কোম্পানির।
যেসব কোম্পানি গতকাল ডিএসইকে এই তথ্য জানিয়েছে সেগুলো হলো এএমসিএল (প্রাণ), লিগেসি ফুটওয়্যার, আনোয়ার গ্যালভানাইজিং, লিবরা ইনফিউশন, মুন্নু স্টাফলার ও বিডি অটোকারস। সাম্প্রতিক সময়ে এসব কোম্পানির শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটছিল। তারই পরিপ্রেক্ষিতে ডিএসই কোম্পানিগুলোর কাছে চিঠি দিয়ে জানতে চায়, কোনো মূল্য সংবেদনশীল তথ্য তাদের হাতে রয়েছে কি না। জবাবে কোম্পানিগুলো জানায়, তাদের হাতে এ রকম কোনো তথ্য নেই।
এর আগে গত মঙ্গলবার তালিকাভুক্ত আরও ১০টি কোম্পানির কাছে একই বিষয়ে জানতে চেয়ে একই ধরনের জবাব পেয়েছে ডিএসই। ওই ১০টি কোম্পানি ছিল রহিমা টেক্সটাইল, স্টাইল ক্রাফট, সিভিও পেট্রোকেমিক্যালস, জেএমআই সিরিঞ্জ, দেশ গার্মেন্টস, সোনারগাঁও টেক্সটাইল, রহিমা ফুডস, দুলামিয়া কটন, মডার্ন ডায়িং ও সাফকো স্পিনিং। এর ফলে গত দুদিনে মিলে মোট ১৬টি কোম্পানি কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে ডিএসইকে জানিয়েছে।
জানা গেছে, সাম্প্রতিক সময়ে অপেক্ষাকৃত দুর্বল মৌলভিত্তির কিছু কোম্পানির দর অস্বাভাবিক বৃদ্ধির কারণে ডিএসইসহ সংশ্লিষ্টদের মধ্যে একধরনের উদ্বেগ তৈরি হয়। তারই পরিপ্রেক্ষিতে কিছু কোম্পানির বিষয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তদন্তের উদ্যোগ নেয়। আবার নিয়মিত কাজের অংশ হিসেবে ডিএসইও কিছু কোম্পানির দর বৃদ্ধির কারণ অনুসন্ধান করছে।
এ ছাড়া দুর্বল মৌলভিত্তির কোম্পানির দর অস্বাভাবিকভাবে বৃদ্ধির বিষয়টি নিয়ে বাজারসংশ্লিষ্ট ও সাধারণ বিনিয়োগকারীরাও বেশ অসন্তুষ্ট ও উদ্বিগ্ন।
জানতে চাইলে ডিএসইর সাবেক সভাপতি শাকিল রিজভী বলেন, ‘কিছুদিন ধরে কিছু দুর্বল কোম্পানির যেভাবে অস্বাভাবিক দর বৃদ্ধি ঘটছে তা বাজারের জন্য মোটেই সুস্থতার লক্ষণ নয়। সিভিও পেট্রোকেমিক্যালস, জেএমআই সিরিঞ্জসহ বেশ কিছু কোম্পানির শেয়ারের দাম এরই মধ্যে অত্যন্ত বিপজ্জনক পর্যায়ে চলে গেছে।
মাত্র তিন মাসের ব্যবধানে আট গুণ দাম বেড়ে জেএমআই সিরিঞ্জের মূল্য-আয় অনুপাত (পিই রেশিও) ২৫০ ছাড়িয়েছে। একইভাবে ছয় মাসের ব্যবধানে নয় গুণ দাম বেড়ে সিভিও পেট্রোকেমিক্যালসের পিই রেশিও ছাড়িয়েছে ৩২০।