অহেতুক বাড়ছে পেঁয়াজের দাম

ভারত পেঁয়াজের রপ্তানিমূল্য বাড়িয়েছে সবে চার দিন হলো। বাড়তি সেই দামে আমদানি করা কোনো পেঁয়াজই ঢাকায় আসেনি। কিন্তু এরই মধ্যে বেড়ে গেছে ভারতীয় পেঁয়াজের দাম।
খুচরা বাজারে গতকাল প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ ৩৮ থেকে ৪২ টাকায় বিক্রি হয়েছে। এই পেঁয়াজের দাম তিন-চার দিন আগেও ছিল ৩৫ থেকে ৩৮ টাকা। অর্থাৎ নতুন মূল্যে আমদানি না করার পরও ভারতীয় পেঁয়াজের দাম বেড়ে গেছে কেজিতে চার টাকা। আর পাইকারি বাজারে এই পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে দুই টাকা করে।
আবার ভারতীয় পেঁয়াজের দাম বাড়লে কোনো কারণ থাক বা না থাক তার প্রভাব গিয়ে পড়ে দেশি পেঁয়াজের ওপর। সে কারণেই বাম্পার ফলনের পরও এখন দেশি পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে অন্তত দুই টাকা। খুচরা বাজারে এ পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪০ থেকে ৪৫ টাকায়।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি ঠেকাতে গত শুক্রবার পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য প্রতি টনে ১৭৫ ডলার বাড়ায় ভারত। এখন টনপ্রতি রপ্তানি মূল্য ৪২৫ ডলার। আগে ছিল ২৫০ ডলার। এই খবরই জানাজানি হয় রোববার। এরপরই পেঁয়াজ নিয়ে ব্যবসায়ীদের তোলেসমাতি শুরু হয়।
বাংলাদেশ ট্যারিফ কমিশনের হিসাবমতে, দেশে রমজান মাসে তিন লাখ টন পেঁয়াজের চাহিদা থাকে। কৃষি মন্ত্রণালয়ের হিসাবে, দেশে এ বছর প্রায় ১৯ লাখ ৩০ হাজার মেট্রিক টন পেঁয়াজ উৎপাদিত হয়েছে। দেশে চাহিদা ২২-২৩ লাখ টন। প্রতিবছর প্রায় পাঁচ লাখ টন পেঁয়াজের চাহিদা পূরণে ভরসা ভারতীয় পেঁয়াজ।
ট্যারিফ কমিশনের সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী, পেঁয়াজের উৎপাদন মৌসুম মাত্রই শেষ হয়েছে। তাই দেশি পেঁয়াজের সরবরাহ ভালো। আবার ভারতীয় পেঁয়াজও প্রচুর আমদানি হয়েছে। বর্তমানে বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ ৭০ শতাংশ এবং আমদানি করা পেঁয়াজের সরবরাহ ৩০ শতাংশ। তাই পেঁয়াজের দাম বৃদ্ধির আশঙ্কা নেই।
ঢাকায় পেঁয়াজ-রসুন-আদার বড় পাইকারি বাজার শ্যামবাজারের অন্তত তিনজন বড় আমদানিকারক প্রথম আলোকে বলেন, নতুন আমদানি মূল্যে ভারত থেকে তাঁরা এখনো কোনো পেঁয়াজ আমদানি করেননি।
শ্যামবাজারের বড় আমদানিকারী প্রতিষ্ঠান নবীন ট্রেডার্সের স্বত্বাধিকারী নারায়ণ চন্দ্র সাহা প্রথম আলোকে বলেন, ‘নতুন দামে এলসি খুলে কোনো পেঁয়াজ শ্যামবাজারে এখনো আসেনি। এখন যে পেঁয়াজটা ঢুকছে তা আগের এলসির। আমার জানামতে, কেউ নতুন এলসিও খোলেননি। আগামীকাল (বুধবার) তো ব্যাংক হলিডে। এরপর নতুন এলসি খোলা হতে পারে।’
শ্যামবাজারের আমদানিকারকেরা জানান, আমদানির সব আনুষ্ঠানিকতা শেষে নাসিক থেকে পেঁয়াজবোঝাই ট্রাক ছাড়লে বাংলাদেশে পৌঁছাতে ছয় দিন লেগে যায়। অর্থাৎ নতুন আমদানি মূল্যের পেঁয়াজ ঢাকার পাইকারি বাজারে আসতে অন্তত আরও ১০ দিন লাগবে।
কিন্তু পাইকারি বাজারে এখনই ভারতীয় পেঁয়াজের দাম বেড়েছে। শ্যামবাজারে তিন দিন আগেও ভালো মানের নাসিক পেঁয়াজ ২৮ থেকে ৩০ টাকায় বিক্রি হতো, গতকাল তা বিক্রি হয়েছে ৩০ থেকে ৩২ টাকায়। আর মাঝারি মানের নাসিক পেঁয়াজের দাম ছিল ২৫ থেকে ২৬ টাকা, এর দাম এখন ২৮ থেকে ৩০ টাকা।
শ্যামবাজারের আড়তমালিকেরা বলেন, দেশের বিভিন্ন স্থানে পেঁয়াজের ফলন ভালো হয়। সরবরাহ ও দাম দুটোই স্বাভাবিক ছিল। কিন্তু ভারতীয় পেঁয়াজের রপ্তানিমূল্য বৃদ্ধির খবর ছড়িয়ে পড়ায় ফরিদপুর, রাজবাড়ী, মেহেরপুরসহ মফস্বলের বিভিন্ন মোকামে প্রতি মণে পেঁয়াজের দাম বেড়ে গেছে ১০০ থেকে ১৫০ টাকা। এক সপ্তাহ আগেও মোকামে এক মণ দেশি পেঁয়াজের দাম ছিল ১ হাজার ৩০০ টাকা। সেই পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৪৫০ টাকায়।
তবে এর প্রভাবে পাইকারি বাজারে এখনো দেশি পেঁয়াজের দাম বাড়েনি বলে জানিয়েছেন পাইকারি ব্যবসায়ীরা। তাঁরা জানান, এখনো দেশি পেঁয়াজ মানভেদে ৩২ থেকে ৩৭ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাইকারিতে না বাড়লেও খুচরা বিক্রেতারা দেশি পেঁয়াজের দাম বাড়াতে ভুল করেননি।