অ্যাকর্ড আরও ছয় কারখানার সঙ্গে সম্পর্ক ছিন্ন করল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরও ছয়টি তৈরি পোশাক কারখানার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করেছে ইউরোপীয় ক্রেতাদের জোট অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ। ফলে দেশে এই জোটের সম্পর্ক ছিন্ন করা কারখানার সংখ্যা দাঁড়াল ৪৩।
কর্মপরিবেশের উন্নয়নে নেওয়া সংস্কারকাজে সন্তোষজনক অগ্রগতি না হওয়ায় চলতি জুলাই মাসের শুরুতে ছয় কারখানার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে অ্যাকর্ড। কারখানাগুলো হচ্ছে এমিচি অ্যাপারেলস, ম্যাভেন ডিজাইন এবং কেমস গ্রুপের কেমস ফ্যাশনস, কাশফি নিট, কে এস ফ্যাশন ও কাইম অ্যান্ড কমল ফ্যাশন ওয়্যার।
অ্যাকর্ডের এ-সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার সবুজবাগে কেমস গ্রুপের কেমস ফ্যাশন কারখানার অগ্নি, বৈদ্যুতিক ও ভবনের কাঠামোগত প্রাথমিক পরিদর্শন করা হয় ২০১৪ সালে। কিন্তু জোটের কর্মকর্তারা বহুবার উদ্যোগ নিলেও কারখানাটির কর্তৃপক্ষ অগ্নি, বৈদ্যুতিক ও ভবনের কাঠামোগত ত্রুটি সংশোধনের কর্মপরিকল্পনা (ক্যাপ) জমা দেয়নি। এমনকি অ্যাকর্ডের প্রকৌশলীরা গত ফেব্রুয়ারিতে ফলোআপ পরিদর্শনে গেলেও তাঁদের কারখানায় ঢুকতে দেওয়া হয়নি। এ জন্য কেমস ফ্যাশনের পাশাপাশি গ্রুপটির কাশফি নিটের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেমস গ্রুপের অন্য দুই প্রতিষ্ঠানের বিষয়ে অ্যাকর্ডের প্রতিবেদনে স্পষ্ট কিছু বলা হয়নি। তবে সম্পর্ক ছিন্ন করার সামগ্রিক তালিকায় কে এস ফ্যাশন ও কাইম অ্যান্ড কমল ফ্যাশন ওয়্যারের নাম আছে।
মিরপুরের এমিচি অ্যাপারেলসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার বিষয়ে অ্যাকর্ড বলেছে, ২০১৪ সালে প্রাথমিক পরিদর্শন করা হলেও ক্যাপ বাস্তবায়নে তেমন অগ্রগতি দেখাতে পারেনি কারখানাটি। যদিও জোটের কর্মকর্তারা বেশ কয়েকবার কারখানাটিকে তাগাদা দিয়েছেন। নারায়ণগঞ্জের ম্যাভেন ডিজাইনের বিষয়েও একই কথা বলেছে অ্যাকর্ড।
ত্রুটি সংস্কারকাজে অগ্রগতিতে ব্যর্থ কারখানাগুলো অ্যাকর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ ১৯০ ব্র্যান্ড ও ক্রেতা প্রতিষ্ঠানের পোশাক তৈরির কাজ পাবে না।