>

বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের কর্মপরিবেশ উন্নয়নে ২০২১ সাল পর্যন্ত কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ক্রেতাদের জোট অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ। এ বিষয়ে গতকাল প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সহসভাপতি মাহমুদ হাসান খান এবং অ্যাকর্ডের স্টিয়ারিং কমিটির সদস্য আমিরুল হক আমিন। সাক্ষাৎকার নিয়েছেন শুভংকর কর্মকার
প্রথম আলো: অ্যাকর্ডের মেয়াদ তিন বছর বাড়ছে। এতে বাংলাদেশের পোশাকশিল্পে কী প্রভাব পড়বে?
আমিরুল হক: অ্যাকর্ডের সময় বাড়ানোর সিদ্ধান্তের কারণে তৈরি পোশাকশিল্পের যথেষ্ট ভালো হবে। কারণ, রানা প্লাজা ধসের পর বিদেশি ক্রেতাপ্রতিষ্ঠান দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। বিদেশের ভোক্তাদের মনে এমন প্রতিচ্ছবি তৈরি হয়েছিল যে বাংলাদেশের পোশাকশিল্প মানেই তাজরীন ফ্যাশনস আর রানা প্লাজা। কানাডার কিছু বিক্রয়কেন্দ্রে ‘উই ডু নট সেল বাংলাদেশি প্রোডাক্ট’ লেখা সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছিল। এমন পরিস্থিতিতে পোশাক কারখানার কর্মপরিবেশ উন্নয়নে অ্যাকর্ড ও অ্যালায়েন্স গঠিত হয়। পরে সরকারও উদ্যোগ নেয়। ফলে ধীরে ধীরে ক্রেতা ও ভোক্তাদের আস্থা ফিরে আসে। অ্যাকর্ডের অধীনে থাকা কারখানাগুলো অনেক সংস্কারকাজ শেষ করেছে। তবে আরও কাজ বাকি আছে। তাই তাদের সময় লাগবে। আমি মনে করি না, অ্যাকর্ডের কারণে পোশাকশিল্পের কোনো ক্ষতি হবে। বরং কর্মপরিবেশের উন্নতি হবে, তাতে বাংলাদেশি পণ্যের প্রতি ক্রেতাদের আগ্রহ ও আস্থা আরও বাড়বে।
প্রথম আলো: সরকার ও পোশাকশিল্পের মালিকেরা অভিযোগ করে বলছেন, অ্যাকর্ড একতরফাভাবে সময় বাড়িয়েছে। অভিযোগের সত্যতা কতটুকু?
আমিরুল হক: ইউরোপীয় ক্রেতাদের জোট অ্যাকর্ড একটি ইনডিপেনডেন্ট বডি বা স্বাধীন সংগঠন। ব্র্যান্ড ও ক্রেতাপ্রতিষ্ঠান এবং বৈশ্বিক ও স্থানীয় ট্রেড ইউনিয়নের দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে অ্যাকর্ড গঠিত হয়েছিল। অ্যাকর্ডের সব সিদ্ধান্ত নেয় স্টিয়ারিং কমিটি। সেই কমিটিতে আছেন ব্র্যান্ড ও ক্রেতাপ্রতিষ্ঠান এবং বৈশ্বিক ও স্থানীয় ট্রেড ইউনিয়নের প্রতিনিধিরা। তিন বছর সময় বাড়ানোর সিদ্ধান্তটি তারাই নিয়েছে। ফলে এটিকে একতরফা বলা যাবে না। এমনকি অ্যাকর্ডকে দোষারোপ করা মূল্যহীন; বরং ব্র্যান্ড ও ক্রেতাপ্রতিষ্ঠানের সঙ্গে কথা বলা যেতে পারে। তবে ছয় মাস থেকে এক বছর ধরে অ্যাকর্ডের সময় বাড়ানো নিয়ে আলোচনা হচ্ছিল। ব্র্যান্ড ও ক্রেতাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা বিজিএমইএর নেতাদের অবহিত করেছিলেন।
প্রথম আলো: অ্যাকর্ডের নতুন সংস্করণে শ্রমিক সংগঠন স্বাধীনতা তদারক করার অধিকার পাবে। এতে কি কোনো ধরনের ক্ষতির মুখে পড়বেন পোশাকশিল্পের মালিকেরা?
আমিরুল হক: বঙ্গবন্ধুর নির্দেশে ১৯৭২ সালে যে সংবিধান প্রণীত হয়েছিল, সেখানে উল্লেখ আছে, এই ভূখণ্ডের শ্রমিকেরা স্বাধীনভাবে মতপ্রকাশ ও সংগঠিত হওয়ার স্বাধীনতা ভোগ করবেন। এ ছাড়া বাংলাদেশ আইএলওর কনভেনশন ৮৭ ও ৯৮ স্বাক্ষর করেছে। সেখানেও শ্রমিক সংগঠনের স্বাধীনতার কথা আছে। শ্রম আইনেও একই কথা আছে। তা ছাড়া কারখানার মালিকেরা বিদেশি কোম্পানিগুলোর ব্যবসার নিয়ম-নীতি ও সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) নীতিমালার সঙ্গে একমত হয়ে পোশাকের ক্রয়াদেশ নেন। সেখানে পরিষ্কারভাবে শ্রমিকদের সংগঠন ও দর-কষাকষি করার অধিকার সংরক্ষিত আছে। ফলে শ্রমিক সংগঠনের অধিকারের বিষয়টি নতুন কিছু নয়, বরং যে বিষয়টি সবকিছুর মধ্যে আছে, সেটি যুক্ত করে অ্যাকর্ড তার সীমাবদ্ধতা কাটিয়ে উঠল।
প্রথম আলো: বিজিএমইএ অভিযোগ করেছে, অ্যাকর্ড তাদের কার্যক্রমের আওতা বাড়াচ্ছে। এ জন্য অ্যাকর্ডের কাজ কখনো শেষ না-ও হতে পারে। এ বিষয়ে আপনার মতামত কী?
আমিরুল হক: উদ্বিগ্ন না হয়ে কর্মপরিবেশ উন্নয়নে জাতীয় উদ্যোগের সক্ষমতা বৃদ্ধিতে মনোযোগী হওয়া উচিত, যাতে আমরা অ্যাকর্ড ও অ্যালায়েন্সের কার্যক্রম বুঝে নিতে পারি।