অ্যাকর্ডকে বশে আনতেই নালিশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপীয় ক্রেতাদের জোট অ্যাকর্ডের ওপর নাখোশ তৈরি পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। বেশ কয়েক মাস ধরে বিভিন্ন সভা-সেমিনারে অ্যাকর্ডের তীব্র সমালোচনা করে ও দেশের মন্ত্রীদের কাছে নালিশ করে সেটিরই বহিঃপ্রকাশই ঘটাচ্ছেন সংগঠনটির নেতারা। এ কর্মকাণ্ডের পেছনে উদ্দেশ্য অ্যাকর্ডকে ‘বশে’ আনা।
অ্যাকর্ডের বিরুদ্ধে বিজিএমইএ ও বিকেএমইএর নেতাদের অভিযোগ, পরিদর্শনে ত্রুটি পেলে ক্রেতাকে ই-মেইল করে ক্রয়াদেশ বন্ধ করার অনুরোধ, সংস্কার পরিকল্পনা অনুমোদনে নানা হয়রানি ও কালক্ষেপণ, কারখানা সংস্কারের জন্য অর্থায়ন না করা, শ্রমিক ছাঁটাইয়ে বাধা, পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যবিষয়ক কমিটি করতে চাপ দেওয়াসহ নানা ধরনের নিয়মবহির্ভূত কাজ করে যাচ্ছে। এখনই শক্ত উদ্যোগ না নিলে তারা আরও চেপে বসবে বলে মনে করেন তাঁরা। যদিও উত্তর আমেরিকার ক্রেতাদের জোট অ্যালায়েন্সের বিরুদ্ধে তাদের অভিযোগ কম।
সংগঠনের নেতাদের মতো বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ কয়েক দফা অ্যাকর্ডের কর্মকাণ্ডের সমালোচনা করেছেন। সর্বশেষ ১৫ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে পোশাকমালিকেরা নালিশ করেন। এ সময় অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের সাহায্য করতে অ্যাকর্ড ও অ্যালায়েন্সকে স্বাগত জানিয়েছিলাম। এখন দেখছি তারা গলার ফাঁস হয়ে গেছে।’
অবশ্য বিজিএমইএর ও বিকেএমইএর দুজন সাবেক নেতা বলেছেন, পর্দার আড়ালে আলোচনা করে সমাধানের উদ্যোগ নিলেই বুদ্ধিমানের কাজ হতো। জনসম্মুখে অ্যাকর্ডের সমালোচনা করে বরং সমস্যাই বাড়ানো হচ্ছে। অ্যাকর্ডকে বাদ নিয়ে নয়, তাদের মাধ্যমে কারখানা সংস্কার করে কর্মপরিবেশ উন্নতি ও বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করারই মূল লক্ষ্য হওয়া উচিত বলে মনে করেন তাঁরা।
এদিকে সমালোচনায় দুই ধরনের ফলই মিলেছে। অ্যালায়েন্স ইতিমধ্যে এক বিবৃতিতে বলেছে, অর্থমন্ত্রীর এমন বক্তব্যে কর্মপরিবেশ উন্নতির জন্য নেওয়া উদ্যোগ ধাক্কা খেয়েছে বলে মনে তারা। একই সঙ্গে সরকারের পরিষ্কার অবস্থান জানতে চেয়েছে অ্যালায়েন্স। অন্যদিকে অ্যাকর্ডের স্টিয়ারিং কমিটির সদস্যরা গত মঙ্গলবার বিজিএমইএর নেতাদের সঙ্গে সংগঠনটির কার্যালয়ে বৈঠক করেছে। কীভাবে উভয় পক্ষের মধ্যকার ভুল-বোঝাবুঝি ঘোচানো যায় তা নিয়ে আলোচনা হয় বৈঠকে।
রানা প্লাজা ধসের পর ২০১৩ সালে পোশাক কারখানার কর্মপরিবেশ উন্নয়নে পাঁচ বছরের জন্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও উত্তর আমেরিকার ক্রেতারা অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ ও ‘অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়াকার সেফটি’ নামে দুটি পৃথক জোট গঠন করে।
জানা যায়, অ্যালায়েন্সের মূল নেতৃত্বে বিজিএমইএর সভাপতিকে রাখা হলেও অ্যাকর্ডের স্টিয়ারিং কমিটিতে সংগঠনটির কারোই জায়গা হয়নি। এ জন্য শুরু থেকেই অ্যাকর্ড ও বিজিএমইএর মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হয়। পরে পরিদর্শন ও সংস্কার কার্যক্রমের নানা বিষয় নিয়ে সেটি আরও বাড়তে থাকে। সম্প্রতি অ্যাকর্ড প্রতিটি কারখানায় পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যবিষয়ক কমিটি বাধ্যতামূলক করার ঘোষণা দিলে সেটি বড় আকার ধারণ করে।
জানতে চাইলে বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম বলেন, ‘অ্যাকর্ডের বিরুদ্ধে রাগ বা ক্ষোভ নয়। আমরা বলতে চাইছি, নিয়মনীতি মধ্যে থেকে তারা যেন তাদের কর্মকাণ্ড চালায়।’ তিনি বলেন, সংস্কার কার্যক্রম চালাতে গিয়ে কারখানাগুলো কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে। এতে তাদের কোনো উৎপাদন খরচ যাচ্ছে বেড়ে। কিন্তু শুরুতে সংস্কারকাজ চালাতে অর্থায়নের বিষয়ে তারা রাজি হলেও এখন পর্যন্ত একটি টাকাও দেয়নি।
নিয়মের বাইরে কী করছে অ্যাকর্ড, জানতে গত এক সপ্তাহ বিষয়টি নিয়ে কয়েকজন পোশাকমালিকের সঙ্গে কথা বলেন এ প্রতিবেদক। মালিকেরা নিজের ও কারখানার নাম প্রকাশ না করার শর্তে অ্যাকর্ডের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।
নারায়ণগঞ্জের একটি নিট কারখানা মাস খানেক আগে বিদ্যুৎ ও অগ্নি প্রতিরোধসংক্রান্ত সংস্কার পরিকল্পনা অ্যাকর্ডের কাছে জমা দেয়। অ্যাকর্ডের কর্মকর্তারা সেটি পেয়ে জানতে চায়, যন্ত্রপাতিগুলো কোথা থেকে আসবে? এসব নষ্ট হলে কারা সংস্কার করবে? সন্তোষজনক জবাব না পেয়ে অ্যাকর্ড সেই পরিকল্পনা অনুমোদন দেয়নি।
এসব তথ্য দিয়ে কারখানাটির মালিক বলেন, অ্যাকর্ড বলেছিল দুই ঘণ্টা আগুন প্রতিরোধ করতে সক্ষম ফায়ার ডোর লাগাতে হবে। সেটি মেনেই পরিকল্পনা জমা দেওয়া হয়। আসলে তাদের পছন্দের প্রতিষ্ঠানের যন্ত্রপাতি কিনব, এমন আশ্বাস দিলেই অনুমোদন মিলবে এমন অভিযোগ তাঁর।
আশুলিয়ার এক কারখানা কয়েক মাস আগে কয়েকজন শ্রমিক ছাঁটাই করে। এর পরিপ্রেক্ষিতে অ্যাকর্ড শ্রমিকদের চাকরি ফেরত দিতে চাপ দেয়। ওই কারখানার মালিক বলেন, ‘শ্রম আইন মেনে শ্রমিক ছাঁটাই হয়েছে। তারপরও নাক গলাচ্ছে অ্যাকর্ড।’
জানতে চাইলে বিকেএমইএর সাবেক সহসভাপতি মোহাম্মদ হাতেম বলেন, একাধিক কারখানা পরিদর্শনে ত্রুটি পেয়েই অ্যাকর্ড ক্রয়াদেশ বন্ধ করতে ক্রেতাকে ই-মেইল করেছে। আবার অনুমতি থাকার পরও কোনো কারখানার ফ্লোর বাড়াতে চাইলে আপত্তি জানানো হচ্ছে। নিয়মের বাইরে গিয়ে এসব করার অর্থই হচ্ছে হয়রানি করা।
অ্যাকর্ডের নির্বাহী পরিচালক রব ওয়েজকে গত ১৬ জুন এসব অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য জানতে প্রথম আলোর পক্ষ থেকে ই-মেইল করা হয়। এরপর আরও দুই দফা ই-মেইল করা হয়। তবে তিনি এ বিষয়ে কোনো জবাব দেননি। রব ওয়েজের পাশাপাশি অ্যাকর্ডের এক কর্মকর্তাকে ই-মেইলটির একটি অনুলিপি পাঠানো হয়। তিনি বার্তাটি পেয়েছেন বলে নিশ্চিত করেন।
গত মঙ্গলবার অ্যাকর্ডের সঙ্গে বৈঠকের বিষয়ে জানতে চাইলে বিজিএমইএর সহসভাপতি শহিদুল্লাহ আজিম বলেন, ‘আমরা তাদের বলেছি, দেশের আইনের প্রতি শ্রদ্ধা জানিয়েই সব কার্যক্রম চালাতে হবে। পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য কমিটি হবে শ্রম আইন অনুসারে। সংস্কারের জন্য অর্থ দিতে হবে। কারখানাগুলোর মান সুপার নয়, বরং ন্যূনতম একটি মানে নিয়ে যাওয়ার জন্যই কাজ করা উচিত।’