অ্যাকর্ড-অ্যালায়েন্সের জন্য সময় বাড়ানো হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে তৈরি পোশাক কারখানার কর্মপরিবেশ উন্নয়নে ক্রেতাদের দুই জোট—অ্যাকর্ড ও অ্যালায়েন্সের কার্যক্রমের সময়সীমা বৃদ্ধি করা হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘অ্যাকর্ড-অ্যালায়েন্সের কার্যক্রমের সময়সীমা ২০১৮ সালের জুলাইয়ে শেষ হবে। তারা সেটি বাড়ানোর চেষ্টা করছে। কিন্তু সে প্রশ্নই ওঠে না। এক দিন, এক সেকেন্ড সময়ও বাড়ানো হবে না।’
ঢাকার শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল সোমবার তিন দিনব্যাপী ‘ভবন ও অগ্নিনিরাপত্তা-বিষয়ক আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন। এ সময় মঞ্চে অ্যালায়েন্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মেসবাহ রবিন ও তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমানও উপস্থিত ছিলেন। এলিভেট পার্টনার লিমিটেড প্রদর্শনীটির আয়োজন করেছে।
২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসের পর দেশের তৈরি পোশাক কারখানার মান নিয়ে দেশে-বিদেশে প্রশ্ন ওঠে। তখন কারখানার কর্মপরিবেশ উন্নয়নে উত্তর আমেরিকার ক্রেতা, ব্র্যান্ড ও শ্রম সংগঠনের চুক্তির মাধ্যমে অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি গঠিত হয়। অন্যদিকে গঠিত হয় ইউরোপীয় ক্রেতাদের জোট অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ।
পরে জানতে চাইলে মেসবাহ রবিন প্রথম আলোকে বলেন, ‘আমরা অ্যালায়েন্সের সময়সীমা বাড়ানোর বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব সরকারকে দিইনি। সময় শেষ হলেই আমরা চলে যাব।’ তবে কোনো পোশাক কারখানা সংস্কারকাজ পুরোপুরি শেষ না করলে ওই প্রতিষ্ঠানগুলোকে ক্রেতারা ক্রয়াদেশ দেবে না বলেও মন্তব্য করেন তিনি।
মেসবাহ রবিন বলেন, অ্যালায়েন্সের অধীনে ১৮টি সদস্য কারখানা এখন পর্যন্ত সব ধরনের সংস্কারকাজ শেষ করে আন্তর্জাতিক মানে উন্নীত হয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক আলী আহাম্মেদ খান, বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান ও এলিভেট পার্টনারের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়ান স্পল্ডিং।
প্রদর্শনীতে ৩৬টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এর মধ্যে ১৩টি বিদেশি। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত। বুধবার প্রদর্শনীর শেষ দিন।