অ্যাকসেঞ্চার বিষয়ে সরকারের হস্তক্ষেপ চায় ইউনিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে চলে যাওয়ার বিষয়ে ব্যবস্থা নিতে সরকারের হস্তক্ষেপ চায় অ্যাকসেঞ্চার এমপ্লয়িজ ইউনিয়ন বাংলাদেশ। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে একটি খোলা চিঠি লিখেছে সংগঠনটি।
গণমাধ্যমে গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পাঠানো এ চিঠিতে বলা হয়েছে, বহুজাতিক কোম্পানি অ্যাকসেঞ্চার ও টেলিনরের কারণে তথ্যপ্রযুক্তি খাতে বিশ্ববাজারে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এ দেশে প্রতিষ্ঠানটি আগামী ৩০ নভেম্বর বন্ধ হয়ে যাচ্ছে। ইতিমধ্যে গত ১৬ জুলাই দেশ ছেড়ে চলে গেছেন অ্যাকসেঞ্চার বাংলাদেশের নীতিনির্ধারণী পর্যায়ের বিদেশি কর্মকর্তারা। এর আগে একসঙ্গে সব কর্মীকে ছাঁটাই করা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, ২০১৪ সালে গ্রামীণফোন (জিপি) আইটির ৫১ শতাংশ শেয়ার অ্যাকসেঞ্চারের কাছে বিক্রি করে দেয়। এর আগে ২০১০ সালে গ্রামীণফোন থেকে আলাদা করে জিপিআইটি গঠন করা হয়। প্রতিবারই কর্মীদের নতুন কোম্পানিতে স্থানান্তরের জন্য কোনো সুবিধা দেওয়া হয়নি।
বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার ঘোষণা ইতিমধ্যে প্রতিষ্ঠানটিতে কর্মরত সব কর্মীকে জানিয়ে দিয়েছে অ্যাকসেঞ্চার বাংলাদেশ কর্তৃপক্ষ। কর্মীদের দেনা-পাওনা মিটিয়ে আগামী ৩০ নভেম্বরের মধ্যে বাংলাদেশ থেকে চলে যাওয়ার পরিকল্পনা নিয়ে এখন কাজ করছে প্রতিষ্ঠানটি।