বিশ্ব ভোক্তা অধিকার দিবসের সেমিনারে বক্তারা
অ্যান্টিবায়োটিকযুক্ত খাদ্য বন্ধ না হলে স্বাস্থ্যঝুঁকি বাড়বে
মানবদেহ ও প্রাণীর শরীরে যে অ্যান্টিবায়োটিক ব্যবহৃত হয়, সেটি এখন পশু-প্রাণীর খাবার উৎপাদনেও ব্যবহার করা হয়। এতে গরু-ছাগল, হাঁস-মুরগি ও মাছের অসুখ হওয়ার হার কমে এবং স্বাস্থ্য ভালো হয়—এমন অবৈজ্ঞানিক দাবি করা হয়। তবে প্রাণীর শরীরে অ্যান্টিবায়োটিক প্রতিরোধক জীবাণু জন্মায়। এসব প্রাণীর মাংস জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক।
বিশ্ব ভোক্তা অধিকার দিবসের সেমিনারে এসব কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধপ্রযুক্তি বিভাগের অধ্যাপক আ ব ম ফারুক। তিনি বলেন, অ্যান্টিবায়োটিক রোগজীবাণু মেরে ফেলে। তবে কোনো কারণে শরীরে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স বা প্রতিরোধী জীবাণু তৈরি হলে তা হবে নীরব ঘাতক। অ্যান্টিবায়োটিক যুক্ত খাবার গ্রহণকারী প্রাণীর মাংস খেলে এমন অবস্থা তৈরি হতে পারে। তখন ছোটখাটো রোগ নিরাময়েও অ্যান্টিবায়োটিক কোনো কাজ দেবে না।
গতকাল মঙ্গলবার ছিল বিশ্ব ভোক্তা অধিকার দিবস। এবারের দিবসের প্রতিপাদ্য অ্যান্টিবায়োটিকযুক্ত খাদ্যকে না বলুন। দিবসটি উপলক্ষে রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি মিলনায়তনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সেমিনারটির আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি জরিপের তথ্য দিয়ে অধ্যাপক ফারুক বলেন, গত বছর সারা বিশ্বে ৬৩ হাজার ২০০ টন অ্যান্টিবায়োটিক প্রাণিদেহে ব্যবহৃত হয়েছে। এভাবে চললে ২০৩০ সালে এটি ১ লাখ ৫ হাজার ৬০০ টনে দাঁড়াবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে বছরে ২০ লাখ লোক অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স (প্রতিরোধী) সমস্যায় আক্রান্ত হয়। তাদের মধ্যে প্রায় ২৩ হাজার লোক মারা যায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক আরও বলেন, ‘অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্সের (প্রতিরোধী) সংকটটি এখনই থামানো না গেলে মানবসভ্যতা অদূর ভবিষ্যতে ঝুঁকির মধ্যে পড়বে। কোনো জটিল সংক্রমণ নয়, বরং অতি সাধারণ সংক্রমণেই মানুষ মারা যেতে পারে। কারণ কোনো অ্যান্টিবায়োটিকই তখন কার্যকর থাকবে না।’ তিনি বলেন, সমস্যা সমাধানে পশু, হাঁস-মুরগি ও মাছ চাষের সময় রোগ প্রতিরোধমূলক ও মোটাতাজাকরণ কাজে অ্যান্টিবায়োটিক ব্যবহার পুরোপুরি বন্ধ করতে হবে। রোগাক্রান্ত প্রাণীর চিকিৎসায় অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হলে তা যেন প্রাণীর জন্যই তৈরি অ্যান্টিবায়োটিক হয়, সেটি নিশ্চিত করতে হবে।
অধ্যাপক ফারুকের এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে সেমিনারের অধিকাংশ বক্তাই সরকারকে শক্ত আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তাঁরা বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণে দেশে আইন আছে। বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে অধিদপ্তরের কার্যালয় আছে। ভোক্তাদের সচেতন করতে পারলেই আইনের সুফল পাওয়া যাবে।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, সেমিনারে উঠে আসা পরামর্শ গুরুত্বসহকারে বিবেচনা করা হবে। তিনি জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সংশোধনের কাজ চলছে।
সেমিনারে আরও বক্তব্য দেন বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, ক্যাবের সভাপতি গোলাম রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষক শাহবুদ্দিন কবীর চৌধুরী, ভারতের ভোক্তা অধিকার কর্মী অমৃত লাল সাহা প্রমুখ। উপস্থিত ছিলেন অধিদপ্তরের মহাপরিচালক আবুল হোসেন মিঞা।