অ্যাপল কমিউনিকেশনের আইজিডব্লিউ লাইসেন্স বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বকেয়া ১২০ কোটি টাকা পরিশোধ না করায় আন্তর্জাতিক গেটওয়ে (আইজিডব্লিউ) অপারেটর অ্যাপল গ্লোবাল টেল কমিউনিকেশনের লাইসেন্স বাতিল করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। নিয়ন্ত্রক সংস্থার সর্বশেষ কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে প্রতিষ্ঠানটি এখন থেকে বিদেশ থেকে আন্তর্জাতিক কল আনতে পারবে না।
বিটিআরসির তথ্য অনুযায়ী, আয় ভাগাভাগি, বার্ষিক লাইসেন্স ফি, বিলম্ব ও সুদসহ অ্যাপল কমিউনিকেশনের কাছে মোট ১২০ কোটি টাকা বকেয়া দাঁড়িয়েছে। বকেয়া পরিশোধ না করায় এত দিন প্রতিষ্ঠানটির লাইসেন্স অস্থায়ীভাবে বন্ধ ছিল। এরপর প্রতিষ্ঠানটি কয়েকটি কিস্তিতে বকেয়া পরিশোধে বিটিআরসির কাছে আবেদন করে। তবে সেই কিস্তির অর্থও পরিশোধ না করায় চূড়ান্তভাবে প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিটিআরসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বকেয়া আদায়ে এখন প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পাবলিক ডিমান্ড রিকভারি (পিডিআর) আইনের আওতায় মামলা করা হবে।
২০১৩ সালে বকেয়া পরিশোধ করতে না পারায় ১০টি আইজিডব্লিউর লাইসেন্স স্থগিত করেছিল বিটিআরসি। এর মধ্যে ছয়টির লাইসেন্স স্থায়ীভাবে বাতিল করে সেগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছয়টি আইজিডব্লিউ হলো রাতুল টেলিকম, কে টেলিকম, বেস্টেক, এসএম কমিউনিকেশন, ভিশন টেল ও টেলেক্স। এদের কাছে আয় ভাগাভাগি বাবদ বিটিআরসির বকেয়া রয়েছে ৬২৩ কোটি টাকা।
অ্যাপলের লাইসেন্স বাতিল হয়ে যাওয়ায় দেশে বর্তমানে আইজিডব্লিউর সংখ্যা কমে দাঁড়িয়েছে ২২টি। আর মোট লাইসেন্স প্রাপ্ত আইজিডব্লিউ রয়েছে ২৯টি।
দেশে বর্তমানে ২২টি আইজিডব্লিউ অপারেটর থাকলেও মাত্র সাতটি অপারেটর কল টার্মিনেট বা গ্রাহক পর্যন্ত পৌঁছাতে পারে। বর্তমান নিয়মে একই লাইসেন্স পেয়েও ওই সাত অপারেটর বাকি ১৫টি অপারেটরের চেয়ে প্রায় দ্বিগুণ আয় করে। সাত আইজিডব্লিউর তৈরি আইজিডব্লিউ অপারেটর ফোরাম (আইওএফ) আন্তর্জাতিক কল নিয়ন্ত্রণের জন্য নিজেরাই কমন ইন্টারন্যাশনাল পয়েন্ট (সিআইপি) নামের একটি ব্যবস্থা তৈরি করেছে।
টেলিযোগাযোগ খাত-সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, গত বছরের ২৪ জুন থেকে আন্তর্জাতিক কল ব্যবসা পরিচালনার দায়িত্ব আইওএফের হাতে চলে যাওয়ার পর থেকে এ খাত থেকে সরকারের রাজস্ব ক্ষতি এক হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। আর লাইসেন্স বাতিল হওয়া আইজিডব্লিউ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরকারের প্রভাবশালী ব্যক্তিরা জড়িত থাকায় এগুলোর বকেয়া আদায়েও বিটিআরসি খুব একটা সফল হতে পারছে না।