অ্যাপেক্স ট্যানারির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
শেয়ার হস্তান্তরে অস্বাভাবিক কর্মকাণ্ডের অভিযোগে অ্যাপেক্স ট্যানারির বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গত রোববার বিকেলে এ তদন্ত কমিটি গঠন করা হয় বলে এসইসি সূত্রে জানা গেছে।এসইসি সূত্রে জানা যায়, অ্যাপেক্স ট্যানারি লিমিটেডের শেয়ার হস্তান্তরের অস্বাভাবিকতার বিষয়টি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নজরে আসে। ডিএসইর পক্ষ থেকে বিষয়টি এসইসিকে জানালে তা তদন্তে এসইসির পক্ষ থেকে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী ৩০ কর্মদিবসের মধ্যে এসইসিতে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত কমিটির সদস্যরা হলেন ডিএসইর ব্যবস্থাপক সৈয়দ মাহমুদ যোবায়ের এবং ডিএসইর সিনিয়র এক্সিকিউটিভ মো. আরিফুর রহমান চৌধুরী।সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ অধ্যাদেশ ১৯৬৯-এর ২১ ধারা এবং সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩-এর ১৭ক ধারা এবং ১৯৯৯ সালের ডিপজিটরি আইনের ১৩ ধারা অনুযায়ী এই তদন্ত কমিটি গঠন করা হয় বলে এসইসি সূত্রে জানা গেছে।