অ্যাপেক্স ফুটওয়্যারের ২০তম বর্ষপূর্তি
অ্যাপেক্স ফুটওয়্যারের ২০ বছর পূর্তি উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরের কারখানায় গত শনিবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে কোম্পানির দীর্ঘদিনের কর্মীদের ‘লং সার্ভিস অ্যাওয়ার্ড’, ধারাবাহিকভাবে সাফল্য অর্জনকারী কর্মীদের ‘পারফরম্যান্স অ্যাওয়ার্ড’ এবং নেতৃত্ব প্রদানকারী কর্মকর্তাদের ‘লিডারশিপ অ্যাওয়ার্ড’ দেওয়া হয়।এসব পুরস্কার তুলে দেন অ্যাপেক্স ফুটওয়্যারের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী, প্রেসিডেন্ট অ্যাডেলকি সারজিও ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর। অনুষ্ঠানে কোম্পানির কারখানা ব্যবস্থাপক আজিজুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে কোম্পানির পক্ষ থেকে কারখানায় কর্মরত অবস্থায় যেসব কর্মী মৃত্যুবরণ করেছেন, তাঁদের প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকার চেক দেওয়া হয়। এ ছাড়া চলতি ২০১০ সালকে কোম্পানির স্বাস্থ্য-সচেতনতার বছর হিসেবে ঘোষণা করে কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্বাস্থ্য-শিক্ষা ও সেবা দেওয়া হবে বলে জানানো হয়। আজিজুল ইসলাম জানান, অ্যাপেক্স অ্যাডেলকি ফুটওয়্যার লিমিটেড (তখনকার অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড) শতভাগ চামড়াজাত জুতা উৎপাদনকারী ও রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে ১৯৯০ সালের ৪ জানুয়ারি যাত্রা শুরু করে। প্রতিকূল অবস্থার মধ্যে মাত্র ৩৫০ জন কর্মী ও দৈনিক এক হাজার জোড়া জুতা উৎপাদনের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু হলেও এ কারখানায় বর্তমানে প্রায় পাঁচ হাজার কর্মী প্রতিদিন ১৫ হাজার জোড়া জুতা উৎপাদন করছেন।অনুষ্ঠানে আরও জানানো হয়, বিশ্ববাজারে ব্যাপক প্রতিযোগিতা সত্ত্বেও অ্যাপেক্স অ্যাডেলকি ফুটওয়্যার বর্তমানে জাপানসহ ইউরোপ-আমেরিকার ৩০টিরও বেশি দেশে জুতা রপ্তানি করছে।