অ্যাপেক্স ফুটওয়্যারের ২৫ বছর পূর্তি
১৯৯০ সালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে একটি কারখানা আর মাত্র ৮০ জন শ্রমিক নিয়ে অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের যাত্রা শুরু। তারপর পেরিয়ে গেছে ২৫ বছর। বর্তমানে প্রতিষ্ঠানটি ৪২টি দেশে প্রতিবছর গড়ে ১০ কোটি ডলারের পাদুকা রপ্তানি করে।
রপ্তানির উদ্দেশ্যে অ্যাপেক্সের যাত্রা শুরু হয়। পরে দেশের অভ্যন্তরেও পাদুকা বাজারজাত শুরু করে প্রতিষ্ঠানটি। এ জন্য সারা দেশে ৫০০ বিক্রয়কেন্দ্র আছে। রপ্তানি ও দেশের বাজারে বিক্রির জন্য দুটি আলাদা কারখানা করেছে প্রতিষ্ঠানটি। এতে কাজ করেন নয় হাজার শ্রমিক।
অ্যাপেক্স ফুটওয়্যারের ২৫ বছর পূর্তি উপলক্ষে সফিপুরের কারখানায় গতকাল সোমবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন অ্যাপেক্সের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, পরিচালক মুনিজে মঞ্জুর, স্বতন্ত্র পরিচালক গোলাম মইনউদ্দিন, গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ প্রমুখ। অ্যাপেক্সের দুই কারখানায় কর্মরত শ্রমিকেরা অনুষ্ঠানে যোগ দেন। কারখানায় ২০ বছরের বেশি সময় ধরে কর্মরতদের অনুষ্ঠানে সম্মানিত করা হয়।
সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, ‘অ্যাপেক্স পশ্চিম ইউরোপ, উত্তর আমেরিকা, জাপানসহ বিভিন্ন দেশে সর্বোচ্চ মানের চামড়ার তৈরি পাদুকা রপ্তানি করে আসছে। একই সঙ্গে অভ্যন্তরীণ বাজারে ক্রেতাসাধারণের দোরগোড়ায় উন্নত মানের পণ্য ও সেবা পৌঁছে দিতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।’