অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্সের আইপিও স্থগিত
পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পাওয়া অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) স্থগিত করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ মঙ্গলবার কমিশনের নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ৭ ফেব্রুয়ারি অর্থমন্ত্রীর এক পত্রের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে অর্থমন্ত্রীর পরামর্শ অনুযায়ী বেশ কিছু বিষয়ে অধিকতর তথ্য সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে এসইসি।’এর আগে গত ১৩ জানুয়ারি অ্যাপোলো ইস্পাতের আইপিওর অনুমোদন দেয় বিএসইসি। এর মাধ্যমে ১০ কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে প্রতিষ্ঠানটির ২২০ কোটি টাকার মূলধন উত্তোলনের কথা ছিল। কিন্তু ৭ ফেব্রুয়ারি বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটির আইপিও স্থগিত করার নির্দেশ দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ওই দিন বিএসইসির চেয়ারম্যানকে দেওয়া এক চিঠিতে অর্থমন্ত্রী বলেন, ‘অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডের বিষয়ে আমার কাছে নালিশ এসেছে। এতে বলা হয়েছে, কোম্পানিটি বেশ কিছুদিন ধরে অচল এবং আইপিওর মাধ্যমে সম্পদ লুটের আয়োজন করেছে। আমি শুনেছি, তারা প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট অনেক ব্যক্তির দাবি-দাওয়া মেটাচ্ছে না। বিশেষ করে, কোম্পানির প্রাক্তন পরিচালক সিরাজুল হক এ বিষয়ে আদালতেরও আশ্রয় নিয়েছেন। কোম্পানিটি রাজস্ব বোর্ডের কাছেও করখেলাপি হিসেবে চিহ্নিত। এ নিয়ে আদালতে সম্ভবত মামলা চলছে।’অর্থমন্ত্রী তাঁর ব্যক্তিজীবনে নব্বইয়ের দশকে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে নিজেও প্রতারণার শিকার হয়েছেন উল্লেখ করে ওই চিঠিতে আরও বলেন, ‘বিষয়টি আমার বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছে। কারণ, আমি এ ধরনের জালিয়াতির একজন শিকার। আপনাদের হয়তো মনে আছে, নব্বইয়ের দশকের মধ্যভাগে ‘ম্যাক’ নামের একটি প্রতিষ্ঠান অনেক প্রিমিয়ামসহ আইপিওতে যায়। আমার দুর্ভাগ্য, আমি লটারিতে তাদের কিছু শেয়ার পেয়েছিলাম। অনেক অভিযোগ পাওয়ার পর মনে হচ্ছে, অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্সটিও এ রকম একটি প্রতিষ্ঠান।’প্রতিষ্ঠানটির আইপিও প্রক্রিয়া স্থগিত রেখে কোম্পানির বিভিন্ন কর্মকাণ্ড তদন্তেরও পরামর্শ দেন অর্থমন্ত্রী।গত বছরের ২৯ মার্চ বিএসইসির ৪৪৫তম কমিশন সভায় অ্যাপোলো ইস্পাতের আইপিও আবেদন নামঞ্জুর করেছিল বিএসইসি।