অ্যাপোলো ইস্পাতকে হট রোলড কয়েল সরবরাহ করবে ম্যারুবেনি

অ্যাপোলো ইস্পাতকে ‘হট রোলড কয়েল’ স্টিল সরবরাহ করবে জাপানি প্রতিষ্ঠান ম্যারুবেনি-ইতোচু। গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে দুপক্ষের মধ্যে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
অ্যাপোলো ইস্পাতের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জাপানের নিপ্পন স্টিল করপোরেশন ও ম্যারুবেনি-ইতোচু স্টিলের সঙ্গে অ্যাপোলো ইস্পাতের সমঝোতা চুক্তি (এমওইউ) রয়েছে। প্রতিষ্ঠানটির উত্পাদন বৃদ্ধির লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়। অ্যাপোলোর রানি ব্র্যান্ডের ঢেউটিনসহ বিভিন্ন পণ্য তৈরিতে এটি কাঁচামাল হিসাবে ব্যবহূত হয়।
অ্যাপোলো ইস্পাত দেশের সর্বপ্রথম ঢেউটিন উত্পাদনকারী শিল্পপ্রতিষ্ঠান দাবি করে বিজ্ঞপ্তিতে বলা হয়, কয়েক যুগ ধরে দেশের জনগণের বাসস্থানের চাহিদা পূরণে কাজ করে যাচ্ছে এ প্রতিষ্ঠান।
বৈঠকে ম্যারুবেনির ঢাকা অফিসের মহাব্যবস্থাপক তোওসিয়া স্যানো, অ্যাপোলো ইস্পাতের উপমহাব্যবস্থাপক আবদুর রহমানসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।