অ্যাপোলো ইস্পাতের আইপিও অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্সের শেয়ারের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও আবেদন অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত কমিশনের নিয়মিত সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভা শেষে সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ ছাড়া একই সভায় একটি মিউচুয়াল ফান্ডের ট্রাস্ট ডিড ও আরেকটি মিউচুয়াল ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন করা হয়। এসইসি জানিয়েছে, অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স আইপিওর মাধ্যমে ১০ কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে প্রায় ২২০ কোটি টাকা সংগ্রহ করবে। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১২ টাকা প্রিমিয়াম বা অধিমূল্য যোগ করে কোম্পানিটির প্রতিটি শেয়ারের বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ২২ টাকা। এসইসি বলছে, ২০১২ সালের জুন মাসে সমাপ্ত হিসাব বছর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস দেখানো হয়েছে দুই টাকা ৩৬ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) ছিল ২২ টাকা ৫৯ পয়সা। কোম্পানিটি আগামী বছরের মার্চ মাসে আইপিওর অর্থ সংগ্রহ কার্যক্রম শুরু করবে। এ ছাড়া কমিশনের গতকালের সভায় রক এনআরবি ব্যালেন্সড ফান্ড নামে একটি মেয়াদি মিউচুয়াল ফান্ডের ট্রাস্ট দলিল অনুমোদন করা হয়। দলিলটি রেজিস্ট্রেশন আইনের অধীনে নিবন্ধিত হওয়ার পরই ফান্ডটির নিবন্ধন দেওয়া হবে বলে এসইসি জানিয়েছে। একই সভায় রূপালী লাইফ ইনস্যুরেন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড নামে আরেকটি মেয়াদি ফান্ডের তথ্য বিবরণী বা প্রসপেক্টাস অনুমোদন করা হয়। এসইসি জানিয়েছে, এই ফান্ডের আকার হবে ৫০ কোটি টাকা। এর মধ্যে ২৫ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ রাখা হবে। ফান্ডটির প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা।