অ্যাপোলো ইস্পাতের আইপিও বাতিলের দাবি
অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। আজ বুধবার দুপুরে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের কাছে লিখিতভাবে এই আবেদন জানায় সংগঠনটি।
সংগঠনের সভাপতি মিজান উর রশিদ চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদুল হক স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, ‘গত দুই বছরে অতিরিক্ত প্রিমিয়ামসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের তালিকাভুক্তির অনুমোদন দিয়েছে বিএসইসি। এরই ধারাবাহিকতায় কমিশনের ৪৮৯তম সভায় অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডকে প্রিমিয়ামসহ তালিকাভুক্তিতে অনুমোদন দেওয়া হয়। এতে সাধারণ বিনিয়োগকরীরা আতঙ্কিত ও মর্মাহত।’
এ অবস্থায় অনতিবিলম্বে কোম্পানিটির আইপিও অনুমোদন বাতিল করার আহ্বান জানানো হয় চিঠিতে। অন্যথায় আদালতের মাধ্যমে আইপিও বাতিলের উদ্যোগ নেওয়ার কথা বলা হয় চিঠিতে।
বিএসইসি সূত্রে জানা যায়, গত ১৩ জানুয়ারি অ্যাপোলো ইস্পাতের আইপিওর অনুমোদন দেয় বিএসইসি। তবে অর্থমন্ত্রীর এক পত্রের পরিপ্রেক্ষিতে ৭ ফেব্রুয়ারি এ অনুমোদনের ওপর স্থগিতাদেশ দেয় সংস্থাটি। পরে গত ২২ আগস্ট অ্যাপোলো ইস্পাতের আইপিওর ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।
প্রতিষ্ঠানটি ১০ টাকা অভিহিত মূল্যের ১০ কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে ২২০ কোটি টাকা সংগ্রহ করবে। প্রতিটি শেয়ারের দাম ২২ টাকা (১২ টাকা প্রিমিয়াম) নির্ধারণ করা হয়েছে।