অ্যামচেমের ২০ বছর পূর্তি

প্রতিষ্ঠার ২০ বছর পূর্তি উদ্যাপন করল আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)। ১৯৯৬ সালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।
ঢাকায় মার্কিন দূতাবাসে গত মঙ্গলবার এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।
তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক চমৎকার। যুক্তরাষ্ট্র বাংলাদেশের রপ্তানি পণ্যের সবচেয়ে বড় বাজার এবং তা অক্ষুণ্ন থাকবে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি বিনিয়োগ আনতে সক্ষম হবে এবং এ ক্ষেত্রে অ্যামচেম ভূমিকা রাখবে।
মার্শা বার্নিকাট অ্যামচেমকে অভিনন্দন জানিয়ে বলেন, ভবিষ্যতে বিনিয়োগ টানার ক্ষেত্রে বাধা দূর করতে তিনি অ্যামচেমের সঙ্গে কাজ করতে আগ্রহী।
অ্যামচেমের সভাপতি নুরুল ইসলাম দুই দশক আগে সংগঠনটির প্রতিষ্ঠার ইতিহাস ও কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, অ্যামচেমের শুরু থেকে এ পর্যন্ত বাংলাদেশে আমেরিকান ব্যবসায়ীদের বিনিয়োগ সাত গুণ বেড়েছে।
অ্যামচেম মনে করে, তাদের ২০ বছর পূর্তি স্মরণীয় হয়ে থাকবে মার্কিন কোম্পানি কোকা-কোলার বিনিয়োগের মাধ্যমে। বিজ্ঞপ্তি