অ্যামেক্স করপোরেট কার্ড চালু করেছে সিটি ব্যাংক
দেশে প্রথমবারের মতো আমেরিকান এক্সপ্রেসের (অ্যামেক্স) করপোরেট কার্ড চালু করেছে বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংক দি সিটি ব্যাংক লিমিটেড। ব্যবসাসংক্রান্ত ভ্রমণ ও বিনোদনে ব্যবহারের উদ্দেশে এই কার্ড চালু করা হয়েছে। কার্ড রয়েছে দুই ধরনের: গোল্ড ও গ্রিন। গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে এই কার্ড চালুর কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার।অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কে মাহমুদ সাত্তার, আমেরিকান এক্সপ্রেসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং জাপান, অস্ট্রেলিয়া ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান কুলা কুলেন্দ্রান, আমেরিকান এক্সপ্রেসের ভাইস প্রেসিডেন্ট আশুতোষ আগারওয়াল, সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সোহেল হুসেইন ও এহসান খসরু, রিটেইল ব্যাংকিং প্রধান মাসরুর আরেফীন প্রমুখ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে জানানো হয়, বিশ্বের কমার্শিয়াল কার্ড-জগতের এক জনপ্রিয় নাম আমেরিকান এক্সপ্রেস। আমেরিকান এক্সপ্রেস ১৯৬৬ সালে বিশ্বে প্রথম করপোরেট কার্ড চালু করে। উদ্ভাবনী পদক্ষেপ ও নিত্যনতুন সেবার মাধ্যমে প্রতিষ্ঠানটি গোটা বিশ্বেই নেতৃত্বস্থানীয় অবস্থান তৈরি করেছে। সেই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছে সিটি ব্যাংক। সিটি ব্যাংক বাংলাদেশে আমেরিকান এক্সপ্রেসের একমাত্র পরিবেশক। এ ছাড়া গ্রাহকদের স্বার্থে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এরই মধ্যে স্থাপন করা হয়েছে সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস লাউঞ্জ।আয়োজকেরা জানান, ব্যবসা ও ভ্রমণসংক্রান্ত ৪০ শতাংশ ব্যয় সাশ্রয় হওয়ায় ‘ফরচুন-৫০০’-এর ৮০ শতাংশেরও বেশি প্রতিষ্ঠান আমেরিকান এক্সপ্রেস করপোরেট কার্ড বেছে নিয়েছে। এখন থেকে বাংলাদেশিরাও আমেরিকান এক্সপ্রেস কার্ড ব্যবহারের মাধ্যমে ব্যয় সাশ্রয় করতে পারবে। এই কার্ড ব্যবহারে ব্যয়ের চুলচেরা হিসাব সংরক্ষণ এবং বাহুল্য ব্যয় প্রতিরোধ করা যায়।এই কার্ড ব্যবহারে গ্রাহকেরা যেসব সুবিধা পাবেন সেগুলো হচ্ছে: বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা, চিকিৎসা ও ভ্রমণসহায়তা, ভ্রমণজনিত দুর্ঘটনা বিমা, সব ধরনের দুর্ঘটনার মৃত্যু বিমা, এক্সপ্রেস ক্যাশ, জালিয়াতি প্রতিরোধ, বিমানবন্দরে দ্রুত ইমিগ্রেশন-সুবিধা, এক্সপ্রেস লাউঞ্জ ব্যবহারের সুবিধা ইত্যাদি। কুলা কুলান্দ্রা বলেন, ‘সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস কার্ড চালু বাংলাদেশের জন্য একটি মাইলফলক। এতে বাংলাদেশি ব্যবসায়ীদের শুধু ব্যয় সাশ্রয়ই হবে না, তাঁদের পরিচালন দক্ষতাও বাড়বে।’সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার বলেন, তিন মাস আগে বিমানবন্দরে লাউঞ্জ উদ্বোধনের পর গ্রাহকেরা প্রতিদিন তাঁকে ধন্যবাদ বার্তা পাঠিয়ে যাচ্ছেন। আমেরিকান এক্সপ্রেস করপোরেট কার্ড চালুর জন্যও একই ধরনের বার্তা পাবেন বলে তিনি আশাবাদী।