অ্যামোনিয়া গ্যাসের দাবি হিমাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলু সংরক্ষণে প্রয়োজনীয় অ্যামোনিয়া গ্যাস না পাওয়ায় দেশের ৪০০ হিমাগারের কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ সমস্যা সমাধানে সরকারকে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে হিমাগার মালিকদের সংগঠন বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। গণমাধ্যমে গতকাল শনিবার পাঠানো সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, সারা দেশে ৪০০-এর বেশি হিমাগারে এ মৌসুমে উৎপাদিত আলু ও বীজ সংরক্ষণ শুরু হয়েছে। কিন্তু প্রয়োজন অনুযায়ী আলু সংরক্ষণের জন্য অ্যামোনিয়া গ্যাস সরবরাহ করছে না দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান যমুনা সার কারখানা। হিমাগারগুলোর জন্য প্রয়োজনীয় এ গ্যাস সরবরাহে শিল্প মন্ত্রণালয় ও বিসিআইসির নির্দেশ থাকার পরও এখন পর্যন্ত ৪ হাজার ৫০০ সিলিন্ডার চাহিদার বিপরীতে যমুনা সার কারখানা কর্তৃপক্ষ সরবরাহ করেছে মাত্র ৪৫০ সিলিন্ডার অ্যামোনিয়া গ্যাস। এই অবস্থা চলতে থাকলে গ্যাসের অভাবে হিমাগার বন্ধ রাখা ছাড়া আর কোনো উপায় থাকবে না বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ অবস্থা চলতে থাকলে কৃষকেরা সর্বশান্ত হবেন, হিমাগার মালিকেরা ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারবেন না। আবার ভোক্তারা ন্যায্যমূল্যে আলু কিনতে পারবেন না। এ ছাড়া আগামী মৌসুমে আলু বীজের সংকট হবে। সে জন্য সমস্যা সমাধানে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন।