অ্যামোনিয়া গ্যাস-সংকটে দেশের হিমাগারগুলো
দেশের বিভিন্ন স্থানে খেত থেকে যখন আলু তুলছেন কৃষকেরা, তখন হিমাগারের মালিকেরা পড়েছেন নতুন এক সংকটে। হিমাগারগুলোতে চাহিদামতো অ্যামোনিয়া গ্যাস সরবরাহ করা হচ্ছে না।
অ্যামোনিয়া গ্যাস ছাড়া আলু সংরক্ষণ করা সম্ভব নয়। কারণ, এই গ্যাস রেফ্রিজারেটরের মতো কাজ করে। আলু ঠান্ডা রাখে।
এমন অবস্থায় নতুন মৌসুমের আলু হিমাগারে সংরক্ষণ করে রাখার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে ৫০ লাখ টন। গ্যাস-সংকট অব্যাহত থাকলে এত আলু সংরক্ষণ করা সম্ভব হবে কি না, সে বিষয়ে সংশয়ে আছে দেশের হিমাগারমালিকদের সংগঠন বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন।
সংগঠনের সভাপতি জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, দেশের হিমাগারগুলোতে বছরে তিন থেকে চার হাজার সিলিন্ডার অ্যামোনিয়া গ্যাসের (প্রতি সিলিন্ডারে ৫০ লিটার) চাহিদা রয়েছে। হিমাগারগুলোতে অগ্রাধিকারভিত্তিতে এ গ্যাস সরবরাহ করার জন্য শিল্প মন্ত্রণালয় থেকে সার কারখানাগুলোকে নির্দেশ দেওয়া আছে। তিনি বলেন, ‘কিন্তু আমরা অগ্রাধিকার ভিত্তিতে তা পাচ্ছি না। চাহিদামতোও পাচ্ছি না। নতুন মৌসুমে এটা এখন আমাদের বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই গ্যাস না পাওয়ায় রুগ্ণ হিমাগারগুলো আরও রুগ্ণ হয়ে পড়ছে।’
জানা যায়, সার কারখানাগুলোতে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়। চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা (সিইউএফএল), ঘোড়শাল ও ফেঞ্চুগঞ্জ সার কারখানায় এখন উৎপাদন বন্ধ আছে। উৎপাদন চলছে যমুনা আর আশুগঞ্জ সার কারখানায়। এখন শুধু যমুনা সার কারখানা থেকেই অ্যামোনিয়া গ্যাস সরবরাহ করা হচ্ছে। দেশের সার কারখানাগুলো বাংলাদেশ রসায়নশিল্প সংস্থার (বিসিআইসি) অধীন।
যোগাযোগ করা হলে বিসিআইসির কর্মকর্তারা জানান, প্রতিটি সার কারখানায় ইউরিয়া উৎপাদনের লক্ষ্যমাত্রা দেওয়া হয়। সে অনুযায়ী তাদের উৎপাদনও করতে হয়। সেই লক্ষ্যমাত্রা পূরণ করতে গিয়েই অ্যামোনিয়া গ্যাসের উৎপাদন কমে গেছে। এ কারণে সংকট দেখা দিয়েছে।
বিসিআইসি বলছে, আশুগঞ্জ সার কারখানা দুই মাস ১০ দিন বন্ধ ছিল। সে কারণে ইউরিয়া সার উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণের লক্ষ্যে সেখানে পৃথকভাবে অ্যামোনিয়ার সরবরাহ বন্ধ রয়েছে। তবে যমুনা সার কারখানায় পর্যাপ্ত অ্যামোনিয়া উৎপাদিত হচ্ছে, সেখান থেকে এই গ্যাস নিয়মিত সরবরাহ করা হচ্ছে। হিমাগারমালিকদের সংগঠনের হিসাব অনুযায়ী, দেশে এখন ৪০৩টি হিমাগার আছে। নতুন করে তিনটি হিমাগার প্রতিষ্ঠা করা হচ্ছে। এসব হিমাগারে আলু রাখার ধারণক্ষমতা ৪৮ লাখ টন। কিন্তু এবার ৫০ লাখ টন আলু রাখার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। গত বছরের লক্ষ্যমাত্রা ছিল ৪৬ লাখ টন।
গত উৎপাদন মৌসুমে আলু উৎপাদিত হয় ৮৬ লাখ টন। চলতি মৌসুমেও আলুর উৎপাদন ৮০ লাখ টন ছাড়িয়ে যাওয়ার কথা বলছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ আলুর একটি অংশ ওঠানোর পরপরই খাওয়া হয়। বাকিটা সংরক্ষণ করা হয় হিমাগারে।
ধারণক্ষমতার চেয়ে বেশি লক্ষ্যমাত্রা ঠিক করার প্রসঙ্গে জানতে চাইলে সংগঠনের সচিব মোজাম্মেল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘নতুন যে তিনটি হিমাগারের নির্মাণ চলছে, আশা করছি তার কিছু অংশে হলেও আলু রাখা যাবে। আবার নির্মাণাধীন হিমাগারগুলোর ধারণক্ষমতাও বেশি। তাই কিছু অংশে রাখতে পারলেই লক্ষ্যমাত্রা অনুযায়ী আলু রাখা সম্ভব হবে।’
এ বছর হিমাগারে আলু রাখার ভাড়া বাড়ানো হয়নি। এবারও কৃষকেরা ৮০ কেজির আলুর বস্তা ৩৬০ টাকা আর ৫০ কেজির বস্তা ২২০ টাকায় রাখতে পারবেন।
সংগঠনের নেতারা বলছেন, গত এক বছরে সরকার বিদ্যুতের দাম বাড়ায়নি। সে কারণে ভাড়াও বাড়ানো হয়নি।
কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন বলছে, গত দুই বছরে দেশে নতুন পাঁচটি হিমাগার গড়ে উঠেছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা; কৃষিভিত্তিক অন্যান্য শিল্পের মতো এক অঙ্কের সুদে ঋণ পেলে; কৃষিভিত্তিক শিল্প বিবেচনা করে হিমাগারের বিদ্যুতের ওপর ৫ শতাংশ মূসক প্রত্যাহার; বন্যা, ত্রাণ, কাবিখা-ভিজিডি-ভিজিএফের মতো সরকারি কর্মসূচিগুলোতে সরকারিভাবে আলু বিতরণ, পরিবেশ ছাড়পত্র নেওয়ার বাধ্যবাধকতা তুলে নেওয়ার মতো কিছু সুবিধা দেওয়া হলে দেশে আরও হিমাগার গড়ে উঠবে এবং এ শিল্প আরও বিকশিত হবে।