অ্যাম্বুলেন্সে করে শেয়ার কেলেঙ্কারির মামলায় বিশেষ ট্রাইব্যুনালে হাজিরা দিলেন দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান টি কে গ্রুপের চেয়ারম্যান ও শিল্পপতি আবু তৈয়ব। ১৯৯৬ সালের শেয়ার কেলেঙ্কারির অভিযোগে দায়ের করা এক মামলায় তিনি অভিযুক্ত আসামি। আদালতের নির্দেশে গতকাল তিনি সশরীরে হাজির হন।
১৯৯৬ সালে চিটাগাং সিমেন্ট অ্যান্ড ক্লিংকার কোম্পানির (বর্তমানে হাইডেলবার্গ সিমেন্ট) শেয়ার নিয়ে কারসাজির দায়ে আবু তৈয়বসহ তিনজনের বিরুদ্ধে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মামলা করে।
এ মামলায় অভিযুক্ত অপর দুজন হলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক সভাপতি রকিবুর রহমান ও সাবেক পরিচালক শহিদুল হক বুলবুল। উভয়ই গতকাল সশরীরে আদালতে উপস্থিত ছিলেন।
এদিকে, গত ৯ আগস্ট অভিযুক্তদের হাজিরার জন্য নির্ধারিত দিনে আবু তৈয়ব আদালতে হাজির ছিলেন না। ওই দিন তাঁর পক্ষের আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন। সেদিন আদালত অভিযুক্ত আবু তৈয়বকে সশরীরে আদালতে হাজির করার জন্য তাঁর আইনজীবীদের নির্দেশ দেন।
আদালতের নির্দেশে গতকাল আবু তৈয়বকে অ্যাম্বুলেন্সে করে রাজধানীর পল্টনে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (বিএইচবিএফসি) ভবনে অবস্থিত আদালত চত্বরে হাজির করা হয়। তবে অসুস্থতার কারণে তাঁকে দশম তলায় অবস্থিত আদালত কক্ষে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। আদালত ভবনের নিচতলায় অ্যাম্বুলেন্সেই ছিলেন এ শিল্পপতি। পরে আদালত প্রতিনিধি পাঠিয়ে অভিযুক্ত আসামির উপস্থিতি নিশ্চিত হয়ে সেটিকে হাজিরা হিসেবে গণ্য করেন। পরবর্তী সময়ে তাঁর জামিন মঞ্জুর করেন। আর অপর দুজন গত ৯ আগস্ট ট্রাইব্যুনালে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন নেন।
এদিকে, অভিযুক্ত তিনজনের উপস্থিতিতে গতকাল এ মামলার বাদী বিএসইসির সাবেক কর্মকর্তা এম এ রশীদ খানকে জেরা করা হয়। আজ সোমবার পুনরায় এ মামলার শুনানি অনুষ্ঠিত হবে। এদিন ৯৬ সালের শেয়ার কেলেঙ্কারির ঘটনায় সরকার গঠিত তদন্ত কমিটির প্রধান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আমীরুল ইসলাম চৌধুরীর সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে।
১৯৯৬ সালে শেয়ারবাজার কেলেঙ্কারির ঘটনায় মোট ১৫টি মামলা হয়। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পক্ষ থেকে এসব মামলা দায়ের করা হয়েছিল। এর মধ্যে চিটাগাং সিমেন্ট অ্যান্ড ক্লিংকার কোম্পানির (বর্তমানে হাইডেলবার্গ সিমেন্ট) শেয়ার নিয়ে কারসাজির অভিযোগে রকিবুর রহমান, আবু তৈয়ব ও শহিদুল হক বুলবুলকে আসামি করা হয়। তিনজনই সে সময় কোম্পানিটির পরিচালক ছিলেন। অভিযুক্তরা সবাই এত দিন উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।
গত জুনে শেয়ারবাজার-সংক্রান্ত বিশেষ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরুর পর ৯৬ সালের মামলাগুলোর মধ্যে প্রথম চিটাগাং সিমেন্ট কোম্পানি সংশ্লিষ্ট মামলাটির বিচারিক কাজ শুরু হয়। তারই অংশ হিসেবে গতকাল আসামিদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
১৯৯৬ সালের শেয়ারবাজার কেলেঙ্কারির সময়ও ক্ষমতায় ছিল আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার। ওই কেলেঙ্কারির ঘটনায় সরকারের পক্ষ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য আমীরুল ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটি ১৯৯৭ সালের ২৭ মার্চ সরকারের কাছে তাদের তদন্ত প্রতিবেদন জমা দেয়। ওই তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতেই পরে বিএসইসি ১৫টি মামলা করে। এসব মামলায় ৩৮ জন ব্যক্তি, ৮টি তালিকাভুক্ত কোম্পানি ও ছয়টি ব্রোকারেজ হাউসকে কেলেঙ্কারির দায়ে অভিযুক্ত করা হয়। ৯৬ সালে শেয়ারবাজারে কাগুজে শেয়ারে লেনদেন চলত। ওই সময়ের কেলেঙ্কারির ঘটনার পরই ইলেকট্রনিক শেয়ার লেনদেনের ব্যবস্থা করা হয়।
ডিএসইর তথ্য অনুযায়ী, নানা ধরনের কারসাজির ফলে ১৯৯৬ সালের ৫ নভেম্বর ডিএসইর সূচক বেড়ে সর্বোচ্চ ৩৬৪৯ পয়েন্টে ওঠে। এরপর ধস নামে বাজারে। তারই ধারাবাহিকতায় সূচক কমতে কমতে ১৯৯৯ সালের মে মাসে ৪৬২ পয়েন্টে নেমে আসে। এতে সর্বস্বান্ত হন অনেক বিনিয়োগকারী।