অ্যালায়েন্স থাকছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ই-মেইল বার্তায় মরিয়ার্টি বলেন, আগামী বছর পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে অ্যালায়েন্সের মেয়াদ বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে অ্যালায়েন্সের কার্যক্রম যথাযথভাবে স্থানান্তরের জন্য মেয়াদ শেষে অল্প কিছু সময় লাগতে পারে। তবে এ জন্য ২০১৮ সাল-পরবর্তী সময়ে থাকার কোনো পরিকল্পনা নেই।

বিষয়টি নিশ্চিত করে বিজিএমইএর সহসভাপতি মাহমুদ হাসান খান প্রথম আলোকে বলেন, অ্যালায়েন্স আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, তারা থাকবে না। তবে তাদের সদস্য ব্র্যান্ডগুলো চায়, যেই প্ল্যাটফর্ম গঠন হোক না কেন তা যেন স্বাধীন, স্বচ্ছ ও বিশ্বস্ত হয়।

অ্যালায়েন্সের সময় না বাড়ালেও ইউরোপীয় ক্রেতাদের জোট অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ গত জুন মাসে ঘোষণা দিয়েছে, ২০২১ সালের ৩১ মে পর্যন্ত কার্যক্রম চালাবে। এই সময়ের মধ্যে বাংলাদেশ সরকারের কোনো প্রতিষ্ঠান অ্যাকর্ডের কার্যক্রম পরিচালনা করার সক্ষমতা অর্জন না করতে পারলে জোটের সময় আরও ১ বছর বাড়বে।

অ্যাকর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ আছে ২০০-এর বেশি ব্র্যান্ড ও ক্রেতাপ্রতিষ্ঠান। এদের মধ্যে এইচঅ্যান্ডএম, অ্যাডিডাস, সিঅ্যান্ডএ, কিক, হুগো বস, প্রাইমার্ক, আলদি নর্থ ও সাউথ, ইন্ডিটেক্স, লবলোসহ ২৪টি ব্র্যান্ড ইতিমধ্যে অ্যাকর্ডের দ্বিতীয় সংস্করণে স্বাক্ষর করেছে। বাকি ব্র্যান্ডের সম্মতি আদায়ে দেনদরবার করছে ইন্ডাস্ট্রিঅল, ক্লিন ক্লথ ক্যাম্পেইনসহ বৈশ্বিক শ্রম সংগঠনগুলো।

অ্যাকর্ডের সময় বাড়ানোর ঘোষণায় সরকার ও বিজিএমইএ নেতারা বিরোধিতা করেন। উভয় পক্ষই একাধিকার গণ্যমাধ্যমে বলেছে, সরকার ও বিজিএমইএর সঙ্গে আলোচনা ছাড়া একতরফাভাবে অ্যাকর্ড সময় বাড়াতে পারে না।

ই-মেইল বার্তায় জানতে চাইলে ইন্ডাস্ট্রিঅলের কমিউনিকেশন ডিরেক্টর পেত্রা ব্রানমার্ক বলেন, ‘আমরা আশা করছি, অধিকাংশ ব্র্যান্ড অ্যাকর্ডের নতুন সংস্করণে স্বাক্ষর করবে।’ তিনি বলেন, ‘অ্যাকর্ডের নতুন সংস্করণ বাস্তবায়নে বাংলাদেশ সরকারের সাহায্য লাগবে। আমরা এখনো সরকারের সঙ্গে বৈঠকের সুযোগ পাইনি। তবে সময় আছে।’

২০১৩ সালের এপ্রিলে রানা প্লাজা ধসের পর পোশাক কারখানার কর্মপরিবেশ উন্নয়নে পাঁচ বছরের জন্য অ্যাকর্ড ও অ্যালায়েন্স গঠিত হয়। উভয় জোটের অধীনে দুই হাজারের বেশি কারখানার অগ্নি, বৈদ্যুতিক ও ভবনের কাঠামোগত পরিদর্শন শেষ। সর্বশেষ তথ্য, অ্যাকর্ডের সদস্য কারখানার ৭৭ শতাংশ ও অ্যালায়েন্সের কারখানার ৮১ শতাংশ সংস্কারকাজ সম্পন্ন হয়েছে।

এ ছাড়া দুই জোটের কার্যক্রম বুঝে নিতে আলাদা প্ল্যাটফর্ম করার উদ্যোগ নিয়েছে বিজিএমইএ। ‘সম্মান’ নামে এই উদ্যোগের খসড়া পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। সরকারের সবুজ সংকেত মিলেছে। বিজিএমইএ সম্মানের মূল পরিকল্পনা করলেও বাস্তবায়ন করবে প্রধানমন্ত্রীর কার্যালয়।

এ বিষয়ে মাহমুদ হাসান খান প্রথম আলোকে বলেন, ‘চলতি বছরের মধ্যে সম্মানের বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। সম্মানের অধীনে অ্যাকর্ডের সদস্য কারখানাকেও নিয়ে আসার চেষ্টা করা হবে। কারখানাগুলো একবারে না এসে ধাপে ধাপেও আসতে পারে। এ জন্য অনানুষ্ঠানিকভাবে আলোচনা হচ্ছে। আগামী মাসে অ্যাকর্ডের স্টিয়ারিং কমিটির সঙ্গে আমাদের আনুষ্ঠানিক বৈঠক হওয়ার কথা আছে।’