অ্যালায়েন্সের নতুন পরিচালক জেমস মরিয়ার্টি
বাংলাদেশে উত্তর আমেরিকার ব্র্যান্ড ও ক্রেতা প্রতিষ্ঠানের জোট অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটির নতুন পরিচালক (কান্ট্রি ডিরেক্টর) হয়েছেন জেমস এফ মরিয়ার্টি। তিনি ঢাকায় মার্কিন দূতাবাসের সাবেক রাষ্ট্রদূত।
অ্যালায়েন্স গত মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে। এতে নতুন নেতৃত্বের বিষয়ে অ্যালায়েন্সের বোর্ডের চেয়ার অ্যালেন ও’কেন টশার বলেন, ‘আমাদের টিম পোশাক কারখানার শ্রমিক ও মালিকের ক্ষমতায়নে কাজ করছে। আমরা লক্ষ করছি, সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করার সুযোগ আছে।’
মরিয়ার্টি এত দিন সংস্থাটির নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন। অ্যালায়েন্স গঠিত হওয়ার পর থেকেই মেসবাহ রবিন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ছিলেন।
রানা প্লাজা ধসের পর দেশের পোশাক কারখানার কর্মপরিবেশ নিয়ে যখন প্রশ্ন ওঠে তখন উত্তর আমেরিকার ব্র্যান্ড ও ক্রেতা প্রতিষ্ঠানগুলো অ্যালায়েন্স গঠন করে। ২৮ ব্র্যান্ড ও ক্রেতা প্রতিষ্ঠান বর্তমানে অ্যালায়েন্সের সদস্য।