অ্যালায়েন্সের ১১৮ পোশাক কারখানার সংস্কারকাজ শেষ
উত্তর আমেরিকার ক্রেতাদের জোট অ্যালায়েন্স ফর ওয়ার্কার সেফটি ইন বাংলাদেশের আওতাধীন ২৬টি পোশাক কারখানা গত মাসে সংশোধন কর্মপরিকল্পনা (ক্যাপ) সম্পন্ন করেছে। এতে করে সংস্কারকাজ সম্পন্ন হওয়া কারখানার সংখ্যা বেড়ে ১১৮-এ দাঁড়িয়েছে।
অ্যালায়েন্সের ঢাকা কার্যালয় থেকে গতকাল বুধবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে আরও বলা হয়, সংস্কারকাজে সন্তোষজনক অগ্রগতি না থাকায় গত মাসে একটি কারখানার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করে অ্যালায়েন্স। তার আগে একই অভিযোগে ১৫৬টি কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে জোটটি।
গত মাসে যেসব কারখানা সংস্কারকাজ শেষ করেছে, সেগুলো হচ্ছে অনন্ত ক্যাজুয়াল ওয়্যার, আধুনিক পোশাকশিল্প লিমিটেড, আলমোড অ্যাপারেলস, অ্যালায়েন্স নিট কম্পোজিট, আসওয়াদ কম্পোজিট মিলস, আয়েশা ক্লথিং (প্রিন্টিং ইউনিট), ক্রেজি ফ্যাশন, ডিভাইন ডিজাইন, ইসেস ফ্যাশন, ইভিন্স গার্মেন্টস, ইন্টারন্যাশনাল নিটওয়্যার অ্যান্ড অ্যাপারেলস (ইউনিট-১), কাজীপুর ফ্যাশন (ইউনিট ১), মেট্রিক্স সোয়েটার, নিউ ঢাকা ইন্ডাস্ট্রিজ, ওডেসা ফ্যাশন, ওপেক্স ওয়াশিং প্ল্যান্ট, পার্কওয়ে প্যাকেজিং অ্যান্ড প্রিন্টিং, রিও ফ্যাশন ওয়্যার, রাইজিং নিট টেক্সটাইল (ওয়াশিং বিভাগ), সালেক টেক্সটাইল (আরএমজি ইউনিট), শামস স্টাইলিং ওয়্যার, থানবি প্রিন্টিং ওয়ার্ল্ড, দ্যাটস ইট গার্মেন্টস, টিপটপ ফ্যাশনস, ভয়েজার অ্যাপারেলস এবং ওয়্যার ম্যাগ।
অ্যালায়েন্সের কান্ট্রি ডিরেক্টর জেমস এফ মরিয়ার্টি বিবৃতিতে বলেছেন, ‘অগ্রাধিকার ভিত্তিতে সংস্কারকাজ শেষ করায় আমরা এসব কারখানার প্রশংসা করছি।’ তিনি বলেন, ‘গত কয়েক মাসের অগ্রগতির পরিপ্রেক্ষিতে আমরা বিশ্বাস করি, নির্ধারিত সময়ের মধ্যেই পোশাক কারখানার সংস্কারকাজ সম্পন্ন হয়ে যাবে। একই সঙ্গে ২০১৮ সালে অ্যালায়েন্সের কার্যক্রম শেষ হওয়ার আগেই টেকসই নিরাপত্তা নিশ্চিতের সংস্কৃতি তৈরি হবে।’
উল্লেখ্য, ২০১৩ সালে রানা প্লাজা ধসের পর বাংলাদেশের তৈরি পোশাক খাতের কর্মপরিবেশ উন্নয়নে ক্রেতাদের জোট অ্যালায়েন্স গঠিত হয়। জোটের সঙ্গে বর্তমানে ২৯টি ব্র্যান্ড ও ক্রেতাপ্রতিষ্ঠান চুক্তিবদ্ধ আছে।