অ্যালুমিনিয়াম পণ্যে উৎপাদনে ভ্যাট প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যালুমিনিয়াম তৈজসপত্রের উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যালুমিনিয়াম ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গতকাল রোববার এই দাবি জানান সমিতির নেতারা। রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সভাপতি ওবায়দুর রহমান।

সমিতির সভাপতি বলেন, অ্যালুমিনিয়ামের তৈজসপত্র উৎপাদনের কাঁচামাল আমদানিতে অন্যান্য শুল্ক ছাড়াও ১৫ শতাংশ ভ্যাট দিয়ে আসছেন ব্যবসায়ীরা। অবশ্য উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি ছিল। নতুন আইন কার্যকর হলে উৎপাদন পর্যায়ে ভ্যাট দিতে হবে।

ওবায়দুর রহমান বলেন, অ্যালুমিনিয়ামের তৈজসপত্র উৎপাদন পর্যায়ে ভ্যাট আরোপ হলে এই খাতে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। আন্তর্জাতিক বাজারে কাঁচামালের মূল্য বৃদ্ধি পাওয়ায় প্রতি কেজিতে ৬০ টাকা পর্যন্ত বেড়ে গেছে। নতুন করে ভ্যাট আরোপ করলে অ্যালুমিনিয়ামের তৈজসপত্র দরিদ্র মানুষের নাগালের বাইরে চলে যাবে।

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ওবায়দুর রহমান বলেন, অ্যালুমিনিয়ামের তৈজসপত্র উৎপাদন কারখানার মালিকদের একটি বড় অংশই স্বল্পশিক্ষিত। তাঁদের পক্ষে উৎপাদন পর্যায়ে খাতাপত্র রেখে জটিল হিসাব-নিকাশ করা সম্ভব নয়। তাঁরা এখনো প্রস্তুত নন, সময় দিতে হবে।

সংবাদ সম্মেলনে অ্যালুমিনিয়াম ব্যবসায়ী মো. সেলিম, আবদুল মালেক শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।