আইআইডিএফসির পর্ষদে নতুন নেতৃত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেলিম আর এফ হোসেন, মো. আতাউর রহমান প্রধান, সৈয়দ মাহবুবুর রহমান

সোনালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউর রহমান প্রধান ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফাইন্যান্স কোম্পানি (আইআইডিএফসি) লিমিটেডের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কোম্পানির ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান। একই সঙ্গে পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেন।

মো. আতাউর রহমান প্রধান আইআইডিএফসির একজন পরিচালক। এর আগে তিনি রূপালী ব্যাংক লিমিটেড এবং প্রবাসীকল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন। তিনি আইসিবি, পদ্মা ব্যাংক লিমিটেড ও সিডিবিএলের পর্ষদ সদস্য। তিনি অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) ও ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশের (আইবিবি) ভাইস চেয়ারম্যান।

সৈয়দ মাহবুবুর রহমান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনিও আইআইডিএফসির পরিচালক। এর আগে তিনি ঢাকা ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। মাহবুবুর রহমান অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্সের (এবিবি) সাবেক চেয়ারম্যান।

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন আইআইডিএফসির পরিচালক। এর আগে তিনি আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। সেলিম আর এফ হোসেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) বর্তমান চেয়ারম্যান।