আইএফআইসি ব্যাংক থেকে বাদলকে অপসারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি আইএফআইসি ব্যাংকের পরিচালক পদ থেকে লুৎফর রহমান বাদলকে অপসারণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান তাঁর আইনি ক্ষমতাবলে বাদলকে অপসারণের আদেশ দেন। অপসারণের সিদ্ধান্তের চিঠি আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।
বাদল ব্যাংকটির পরিচালক হিসেবে নির্বাহী ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। পরিচালক পদ থেকে অপসারণের ফলে তিনি আর ব্যাংকের কোনো পদে থাকতে পারবেন না।
বাংলাদেশ ব্যাংক বলছে, দীর্ঘদিন ধরে ব্যাংকটির নির্বাহী কমিটির কোনো সভা হচ্ছে না। এ অবস্থায় আমানতকারীদের স্বার্থ রক্ষায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে বাদল দেশের বাইরে রয়েছেন।
কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দায়িত্ব পালন না করার পাশাপাশি বাদলের বিরুদ্ধে সরকারবিরোধী রাজনৈতিক কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগ রয়েছে। পুলিশ জানিয়েছে, গাজীপুরে গাড়ি পোড়ানোর ঘটনায় একটি মামলায় বাদলকে আসামি করা হয়। ওই মামলায় অভিযোগপত্রও দাখিল করা হয়েছে।
এর আগে বেসরকারি ঢাকা ব্যাংকের পরিচালক হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র মির্জা আব্বাসকে পুনর্নিয়োগ দেয়নি বাংলাদেশ ব্যাংক। ফলে মির্জা আব্বাসও ঢাকা ব্যাংকের পরিচালকের পদ হারান।