আইএফসি গ্লোবাল অ্যাওয়ার্ড পেল ইবিএল
ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) ‘বেস্ট পার্টনার ফর ওয়ার্কিং ক্যাপিটাল সিস্টেমিক সলিউশন্স’ পুরস্কার পেয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)।
আইএফসির ট্রেড ফাইন্যান্স অ্যান্ড সাপ্লাই চেন সলিউশন্সের প্রধান জর্জিনা বেকার সম্প্রতি পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত ষষ্ঠ গ্লোবাল ট্রেড পার্টনারস সম্মেলনে ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখারের হাতে সম্মানজনক এ পুরস্কার তুলে দেন।
ইবিএলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অফসোর বিল ফাইন্যান্সিংসহ আমদানিকারক ও প্রতিপক্ষ রপ্তানিকারকদের চলতি মূলধন অর্থায়নে উদ্ভাবনী সমাধান দেওয়ার জন্য ইবিএলকে এই গ্লোবাল অ্যাওয়ার্ড দেওয়া হয়।
এক প্রতিক্রিয়ায় আলী রেজা ইফতেখার বলেন, ‘চতুর্থবারের মতো আইএফসির স্বীকৃতি লাভ করে আমি সত্যিই আনন্দিত। আইএফসির সঙ্গে অনেক বছর ধরে আমরা কাজ করে আসছি। ইস্টার্ন ব্যাংক তার গ্রাহক ও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের কথা বিবেচনায় রেখে সর্বদা সৃজনশীল অফার প্রদান করে আসছে। আমাদের জন্য অত্যন্ত গর্বের ব্যাপার যে, আমাদের উদ্ভাবিত সলিউশন্সগুলো এখন বিশ্বের অন্যান্য স্থানেও ব্যবহূত হচ্ছে।’
জর্জিনা বেকার আইএফসি প্রোগ্রামের অধীনে ইস্টার্ন ব্যাংকের বিভিন্ন সলিউশন্সের প্রশংসা করে ভবিষ্যতেও ব্যাংকটির সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
বিশ্বের শীর্ষস্থানীয় ১০টি ব্যাংকের সঙ্গে ইবিএল এবার আইএফসি গ্লোবাল অ্যাওয়ার্ড লাভ করেছে। অন্য ব্যাংকগুলো হলো—সিটিব্যাংক এনএ, জেপি মরগান চেজ এনএ, বিএনপি পরিবাস এসএ, ডয়েচ ব্যাংক এজি, স্কটিয়া ব্যাংক, সোস্যাইটি জেনারেল, কোরিয়া ডেভেলপমেন্ট ব্যাংক, টেকমব্যাংক, ব্যাংকো রিজিওনাল ও ব্যাংকো পিচিনচা।