ইক্যুইটিবিডির নেতৃত্বে অধিকারভিত্তিক নাগরিক সমাজের ১৩টি সংগঠন আইএমএফের কাছ থেকে ভ্যাট সম্প্রসারণ ও মুদ্রা সংকোচন করার শর্তে ১০০ কোটি ডলারের ঋণ নেওয়ার সরকারি পরিকল্পনার প্রতিবাদ জানিয়েছে।এসব সংগঠন এ ধরনের কঠিন শর্তে আইএমএফের কাছ থেকে এই ঋণ না নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, এ ধরনের নীতি সব সময়ই দেশের স্বার্থের পরিপন্থী হয়।ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল মঙ্গলবার আয়োজিত এক মানববন্ধন থেকে এই আহ্বান জানানো হয়। মানববন্ধনে অংশ নেওয়া সংগঠনগুলো হলো অর্পণ, বাংলাদেশ ভূমিহীন সমিতি, বাংলাদেশ কৃষাণী সভা, বাংলাদেশ কৃষক ফেডারেশন, কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ, লিড ট্রাস্ট, মিডিয়া ফাউন্ডেশন ফর ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, অনলাইন নলেজ সেন্টার, প্রদীপ, ভয়েস ও লা ভিয়া ক্যাম্পেসিনা বাংলাদেশ।মানববন্ধনে বক্তব্য দেন ইক্যুইটিবিডির মোস্তফা কামাল আকন্দ, সৈয়দ আমিনুল হক ও রেজাউল করিম চৌধুরি, বাংলাদেশ কৃষক ফেডারেশনের জায়েদ ইকবাল খান, ভূমিহীন সমিতির সুবল সরকার, অনলাইন নলেজ সেন্টারের প্রদীপ কুমার রায়, রফিকুল ইসলাম পথিক ও শিপ্রা রাণী দাস। বিজ্ঞপ্তি।