আইএমএফ বড় অঙ্কের ঋণ তদারক করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় অঙ্কের সহজ শর্তের (সুদ কম, পরিশোধের সময়সীমা বেশি) বৈদেশিক ঋণের তদারকি করবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এর আওতায় বাংলাদেশও পড়ছে।
নিম্ন আয়ের ৭২টি দেশের সামষ্টিক অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে এমন ঋণ তদারকির জন্যই এই উদ্যোগ। এ জন্য একটি নীতিকাঠামো সদস্য দেশের মতামতের জন্য পাঠানো হয়েছে।
বর্তমানে শুধু কঠিন শর্তের বৈদেশিক ঋণই তদারকি করে আইএমএফ। মূলত নিম্ন আয়ের দেশগুলোর ঋণ-ঝুঁকি কমানো ও স্বচ্ছতা আনতে ১০০ কোটি ডলার বা তার বেশি অঙ্কের ঋণগুলোর তদারকি করা হবে। এর অংশ হিসেবে প্রকল্পের কাগজপত্র পর্যালোচনা করারও অধিকার থাকবে সংস্থাটির। এ বিষয়ে মতামতের জন্য অর্থ মন্ত্রণালয়, কেন্দ্রীয় ব্যাংক ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) নতুন প্রস্তাবের অনুলিপি পাঠানো হয়েছে। আইএমএফের আগামী পর্ষদ সভায় এই নতুন প্রস্তাব উপস্থাপন করা হতে পারে।
নতুন এ ধারণার বিরোধিতা করছে বাংলাদেশে রাষ্ট্রীয় বৈদেশিক ঋণ-প্রক্রিয়া করার দায়িত্বে থাকা ইআরডি। তবে অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক নতুন ধারণাকে ইতিবাচকই বলে মনে করে।
গত ২৮ জানুয়ারি আইএমএফের প্রস্তাবের ওপর ইআরডিতে একটি সভা হয়। এতে আইএমএফের প্রস্তাবের ওপর বিশ্লেষণমূলক উপস্থাপনা দেন অতিরিক্ত সচিব আরাস্তু খান। ইআরডির এই পর্যবেক্ষণপত্রে বলা হয়, আইএমএফের নতুন ধারণা বাস্তবায়িত হলে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির জন্য সহায়ক দেশের বড় প্রকল্পগুলো বাস্তবায়নে অপ্রত্যাশিত জটিলতা তৈরি করবে।
আরাস্তু খানের সঙ্গে যোগাযোগ করা হলে প্রথম আলোকে তিনি বলেন, আইএমএফের প্রস্তাবটি প্রাথমিক হলেও অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। কেননা, বড় অঙ্কের নমনীয় ঋণে নানা শর্ত বা সীমা দেওয়া হলে এর প্রবাহ কমে যেতে পারে। তবে এখনো ইআরডির পক্ষ থেকে চূড়ান্ত মত দেওয়া হয়নি বলে তিনি জানান।
বাংলাদেশের মতো নিম্ন আয়ের দেশগুলোতে সহজ শর্তের ঋণের উন্নয়ন প্রকল্পগুলোতে দুর্নীতির অভিযোগ বহুলভাবে আলোচিত। পদ্মা সেতু নির্মাণসহ এ ধরনের বেশ কিছু প্রকল্পে দুর্নীতির বড় অভিযোগও রয়েছে।
আইএমএফের নতুন প্রস্তাব সম্পর্কে জানতে চাইলে বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর প্রথম আলোকে বলেন, ‘আমাদের মতো দেশে সুশাসনের অভাব রয়েছে। ঋণের অর্থ যথাযথ ব্যবহার নিশ্চিত করতে এ ধরনের নজরদারির প্রয়োজন আছে। এতে বাংলাদেশের তহবিল ব্যবস্থাপনা আরও শক্তিশালী ও সুসংহত হবে।’
ইআরডি সূত্রে জানা গেছে, বর্তমানে বাংলাদেশের ঋণের পোর্টফলিও প্রায় দুই হাজার ২০০ কোটি ডলার। এর মধ্যে ৯৫ শতাংশের বেশি নমনীয় শর্তের ঋণ। যেসব ঋণে ৩৫ শতাংশের বেশি অনুদান থাকে, তাকে নমনীয় ঋণ বলা হয়। এসব ঋণে সুদের হার ২ শতাংশ বা তার কম। পরিশোধের মেয়াদ ২০ থেকে ৪০ বছর। প্রতিবছর গড়ে ২০০ কোটি ডলারের বেশি এ ধরনের ঋণ পায় বাংলাদেশ।
প্রস্তাবে যা আছে: আইএমএফ বলছে, বাংলাদেশসহ নিম্ন আয়ের দেশগুলোর সামষ্টিক অর্থনীতির ওপর বড় ঋণের ঝুঁকি থেকে আরও সুরক্ষা দিতে এমন নির্দেশিকা তৈরি করা হচ্ছে। আর সংশ্লিষ্ট দেশগুলোর ঋণ ব্যবস্থাপনাতে স্বচ্ছতা ও পর্যালোচনার অগ্রগতি ধরে বাস্তবায়ন করাই এ প্রস্তাবের মূল লক্ষ্য।
প্রস্তাবে বলা হচ্ছে, ঋণ ব্যবস্থাপনাতে বাড়তি নির্দেশিকা তৈরি হবে একেকটি দেশের ভিন্ন ভিন্ন পরিস্থিতি বিবেচনায় নিয়ে। বিশেষ করে সরকারি সম্পদ ব্যবস্থাপনার মান ও বৈদেশিক ঋণের ঝুঁকি বিশ্লেষণ করে এগুলো তৈরি করবে তারা। আইএমএফ বলছে, দক্ষতার অভাবে এই দেশগুলোর পুঞ্জীভূত কঠিন শর্তের ঋণগুলো কার্যকর করা প্রায় অসম্ভব হয়ে গেছে।
প্রস্তাবে আরও বলা হয়েছে, ঋণগ্রহীতা দেশের ঋণ পরিকল্পনার ঘোষণা বা প্রকাশ্যে আনার বিষয়টি তারা নতুন ধারণায় সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। এখন সদস্য দেশগুলোর সম্মতি মিললে মেমোরেন্ডাম অর ইকোনমিক অ্যান্ড ফিন্যান্সিয়াল পলিসিতে (এমইএফপি) তা সংযুক্ত করা হবে। এই নীতিকাঠামোর আওতায় তখন দেশগুলোর মধ্যমেয়াদি ঋণ পরিকল্পনায় কী পরিমাণ অর্থ ধার করতে পারবে এবং কোন কোন খাতে তা বিনিয়োগ হবে, তার পরিষ্কার চিত্র উঠে আসবে।
যে প্রকল্পগুলো নজরদারিতে থাকতে পারে: নতুন প্রস্তাব অনুমোদিত হলে আইএমএফের তদারকিতে থাকবে ২৮০ কোটি ডলারের ঢাকা মেট্রোরেল প্রকল্প। এর ৮০ শতাংশ অর্থই জোগান দিচ্ছে জাপানের উন্নয়ন সংস্থা, জাইকা।
এ ছাড়া জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) অর্থায়নে আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে ঢাকা-চট্টগ্রাম রেলপথ উন্নয়ন প্রকল্প, ভারতের দেওয়া ১০০ কোটি ডলার ঋণের গুচ্ছ প্রকল্পগুলোর ক্ষেত্রেও বিদেশি ঋণের আধিক্য থাকায় আইএমএফের মূল্যায়নের আওতায় আসবে। আবার ভবিষ্যতে যেসব ঋণপ্রাপ্তির আশা করা হচ্ছে, যেমন ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ১৩টি বড় প্রকল্পে নমনীয় শর্তে ৮৪১ কোটি ৮৪ লাখ ডলার দেওয়ার প্রস্তাব পাঠিয়েছে চীন। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বঙ্গবন্ধু সেতুর সমান্তরালে রেলসেতু নির্মাণ, গঙ্গা ব্যারেজ, কর্ণফুলী নদীর ওপর রেল ও সড়কসেতু, গাজীপুরে ধীরাশ্রমে অভ্যন্তরীণ কনটেইনার ডিপো (আইসিডি), ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত রেলপথে এলিভেটেড কর্ড লাইন নির্মাণ ইত্যাদি।