আইএমএফে ঋণের প্রথম কিস্তি ছাড় হবে মঙ্গলবার
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে নেওয়া ঋণের প্রথম কিস্তির অর্থ ছাড় হচ্ছে আগামী মঙ্গলবার। এই কিস্তিতে বাংলাদেশ পাচ্ছে ১৪ কোটি ১০ লাখ ডলার।এদিকে সফররত আইএমএফ প্রতিনিধিদল দেশের ব্যাংক খাতের ঋণের গুণগত মান ও খেলাপি ঋণ পুনঃতফসিল নিয়ে প্রশ্ন তুলেছে। একই সঙ্গে তারা বাংলাদেশ ব্যাংকের তদারকি ও নজরদারি (সুপারভিশন) জোরদারের বিষয়ে কথা বলেছে।ওয়াশিংটনে আইএমএফের প্রধান কার্যালয়ে ১১ এপ্রিল সংস্থার পরিচালনা পর্ষদের সভায় বাংলাদেশের জন্য বড় অঙ্কের ঋণ প্রস্তাব অনুমোদন হয়। এতে বাংলাদেশ সংস্থাটির কাছ থেকে মোট ৯৮ কোটি ৭০ লাখ ডলারের ঋণ পাবে।সুদমুক্ত এ ঋণ কিছু শর্তসাপেক্ষে দেওয়া হচ্ছে। সরকার এই অর্থ নিয়ে বাজেট অর্থায়নসহ যেকোনো কাজে তা ব্যয় করতে পারবে।ঋণছাড় করার আগে শর্ত পালনের অগ্রগতি পর্যালোচনায় গত বুধবার আইএমএফের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান ডেভিড কাউয়েনের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল ঢাকায় আসে। গতকাল বৃহস্পতিবার প্রতিনিধিদল বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সঙ্গে বৈঠক করে।সূত্র জানায়, গতকালের বৈঠকে প্রতিনিধিদল কেন্দ্রীয় ব্যাংকের কাছে নতুন ব্যাংক স্থাপনের প্রক্রিয়া জানতে চায়। তারা বাংলাদেশ ব্যাংকের সুপারভিশনের বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন তোলে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ সংশোধনের প্রস্তাবগুলোর বিষয়ে আলোচনা করে। একই সঙ্গে ব্যাংক কোম্পানি আইন সংশোধনের ক্ষেত্রে তাদের বিশেষজ্ঞ এখানে এনে বিশ্লেষণ ও সহায়তা দেওয়ার জন্য নতুন করে আগ্রহ প্রকাশ করে। বাংলাদেশ ব্যাংক তাতে সায়ও দিয়েছে বলে জানা গেছে। আইএমএফের সফররত প্রতিনিধিদল ২৬ এপ্রিল ঢাকা ত্যাগ করবে। এর আগে তাদের অর্থ মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, এসইসিসহ বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।