আইএমএফের ঋণ তদারকিতে আসা উচিত নয়: মুহিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনমনীয় ঋণ বিশ্বব্যাংকই তদারকি করে। এতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আসার দরকার নেই।
সচিবালয়ে গতকাল রোববার আইএমএফের দক্ষিণ এশীয় অঞ্চলের নির্বাহী পরিচালক রাকেশ মোহনের সঙ্গে অনুষ্ঠিত সৌজন্য বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘আইএমএফ একটা প্রস্তাব করেছে অনমনীয় ঋণের তদারকির বিষয়ে। আমরা এটিকে গুরুত্বের সঙ্গেই দেখছি। তবে এটা বর্তমানে বিশ্বব্যাংক করে, বিশ্বব্যাংকেরই করা উচিত।’
আইএমএফের এই প্রস্তাবে বাংলাদেশের ক্ষতি হওয়ার আশঙ্কা আছে কি না জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, এতে বাংলাদেশের ক্ষতি হওয়ার কোনো সুযোগই নেই। আর আইএমএফের এখানে আসার দরকার নেই।
অর্থমন্ত্রী বলেন, দেশের ৪২ বছরের ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যাবে, বাংলাদেশ খুবই ভালো ঋণ পরিশোধকারী দেশ। এটা বাংলাদেশের সংস্কৃতিতে ঢুকে গেছে। বাংলাদেশের এমন একটা বিষয় দাঁড়িয়ে গেছে যে যা-ই হোক না কেন, ভবিষ্যতেও বাংলাদেশের কোনো সমস্যা হবে না।
আইএমএফের নির্বাহী পরিচালক রাকেশ মোহন এ দেশে প্রথম সফরে আসার কথা জানিয়ে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও ভুটানের স্বার্থ দেখার দায়িত্ব তাঁর। বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার সন্তোষজনক উল্লেখ করে তিনি আরও বলেন যে দেশটি ভবিষ্যতে আরও ভালো করবে।