বাংলাদেশের জন্য বর্ধিত ঋণ-সহায়তার (ইসিএফ) দ্বিতীয় কিস্তির অর্থ অনুমোদন করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এবারের কিস্তিতে ১৩ কোটি ৯৪ লাখ ডলার ছাড় হবে।বাংলাদেশের অর্থনৈতিক কর্মসূচির প্রথম পর্যায় পর্যালোচনা করে গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটনে আইএমএফের বোর্ড সভায় এই অনুমোদন দেওয়া হয়।প্রসঙ্গত, ২০১২ সালের ১১ এপ্রিল আইএমএফ বোর্ড সভায় বাংলাদেশকে তিন বছর মেয়াদের জন্য ৯৭ কোটি ৫৯ লাখ ডলারের ইসিএফ অনুমোদন করে। সর্বশেষ কিস্তি অনুমোদনের পর ছাড়কৃত অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ২৭ কোটি ৮৮ লাখ ডলার।ইসিএফের অর্থ বাংলাদেশের আর্থিক ও ঋণ পরিস্থিতি স্থিতিশীল রাখা, ঝুঁকি হ্রাস ও টেকসই প্রবৃদ্ধি অর্জনে ব্যবহূত হচ্ছে।বোর্ড সভায় আইএমএফের উপমহাপরিচালক নায়োকি শিনোহারা বলেন, ‘বাংলাদেশে সামষ্টিক অর্থনীতির চাপ কিছুটা সহনীয় পর্যায়ে রয়েছে। আইএমএফের এই ঋণের কিস্তি ব্যবহার করে সরকারের ঋণ গ্রহণ পরিস্থিতি সংযত হয়েছে। এর পাশাপাশি মূল্যস্ফীতির হার কমেছে, বিদেশি মুদ্রার মজুদ বেড়েছে।’শিনোহারা আরও বলেন, ‘বিশ্ব অর্থনৈতিক ভঙ্গুর পরিস্থিতির প্রেক্ষাপটে চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনীতিতে প্রবৃদ্ধি কিছুটা শ্লথ হতে পারে।’ তাঁর মতে, রপ্তানি কমে যাওয়া, বিশ্ববাজারে পণ্যমূল্য বৃদ্ধি, সরকারের ব্যাংকের অর্থায়ন পরিস্থিতির অবনতি হওয়া এবং নির্বাচনের বছরের অনিশ্চয়তার কারণে এ ধরনের ঝুঁকি রয়েছে।আইএমফ আরও বলছে, বাংলাদেশের ঋণ ব্যবস্থাপনা কৌশল এমন হওয়া উচিত, যেখানে সাশ্রয়ী ঋণ গ্রহণের দিকে নজর দিতে হবে। ক্ষেত্রবিশেষে অপেক্ষাকৃত কম সাশ্রয়ী ঋণ গ্রহণ করা যেতে পারে।নতুন মূল্য সংযোজন কর (মূসক) আইনকে মাইলফলক হিসেবে উল্লেখ করে আইএমএফ বলছে, এখন দরকার এই আইনের সময়মতো বাস্তবায়ন। এ ছাড়া, মূসক আইন বাস্তবায়নে স্বয়ংক্রিয় পদ্ধতির ওপর জোর দিতে হবে।আইএমএফ মনে করে, আর্থিক খাতের সুশাসন প্রতিষ্ঠায় ব্যাংক আইনের সংশোধনের সময় ঝুঁকিসমূহ, বিশেষ করে সরকারি মালিকানাধীন ব্যাংকের দিকে নজর দেওয়া উচিত। এই ঋণদাতা সংস্থাটি আরও বলছে, সময়মতো পদক্ষেপ নেওয়া গেলে বিশ্বমন্দা থেকে পুনরুদ্ধার পর্যায়ে বাংলাদেশ পূর্ণ সুফল পাবে।আইএমএফ আরও বলছে, জ্বালানি ও সার খাতে তদারকি চলমান রাখা প্রয়োজন। আইএমএফের মতে, বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি ঋণ প্রবাহকে হ্রাস করতে সাহায্য করবে, আবার মূল্যস্ফীতির চাপও কমবে। আইএমএফ বলছে, স্থিতিশীল, প্রবৃদ্ধি সহায়ক পরিবেশ নিশ্চিত করা ও ঝুঁকি সূচক কমাতে ২০১৩ সালে নীতিমালা আরও শক্তিশালী করার প্রয়োজন রয়েছে। এ জন্য অর্থনৈতিক সুশাসন ও ঋণ পরিস্থিতি সামলানোর কৌশল থাকতে হবে বলে মনে করে সংস্থাটি।