আইএমএফের কাছে ৪৮০ কোটি ডলার সহায়তা চাইল মিসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাজুক অর্থনীতিকে টেনে তোলার জন্য আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) কাছে ৪৮০ কোটি ডলারের জরুরি সহায়তা চেয়েছে আফ্রিকার দেশ মিসর।দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ও তাঁর মন্ত্রিসভার সঙ্গে আইএমএফের প্রধান ক্রিস্টিন ল্যাগার্দে আলোচনায় বসলে তাঁকে এমন অনুরোধ করা হয়। খবর বিবিসির।মিসরের অর্থমন্ত্রী মুমতাজ আল সাঈদ বলেন, আইএমএফের প্রধানকে ৪৮০ কোটি ডলারের ঋণসহায়তা দিতে অনুরোধ করা হয়েছে। মিসর গত বছর ৩২০ কোটি ডলারের ঋণসহায়তার জন্য অনুরোধ করেছিল, যা এখনো নিষ্পত্তি হয়নি। এবার ওই সহায়তার চেয়েও বেশি সহায়তা চাওয়া হলো।অর্থমন্ত্রী বলেন, পর্যটন ও বিদেশি বিনিয়োগ থেকে আয় কমে যাওয়ায় এ বছর মিসরে বড় রকমের বাজেট ঘাটতি দেখা দেবে। এই ঘাটতি মোকাবিলার জন্যই সহায়তা প্রয়োজন। ২০১২-১৩ অর্থবছরে মিসরের বাজেট ঘাটতি জিডিপির ৭ দশমিক ৯ শতাংশে দাঁড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। তা ছাড়া দেশটির কাঁধে বর্তমানে ১৯ হাজার ৩০০ কোটি ডলারের অভ্যন্তরীণ ও তিন হাজার ৩৮০ কোটি ডলারের বৈদেশিক ঋণের বোঝা রয়েছে।গত বছর প্রেসিডেন্ট হোসনি মোবারককে উত্খাতের আন্দোলনের সময় মিসরের কেন্দ্রীয় ব্যাংক স্থানীয় পাউন্ডের মান ধরে রাখতে ডলার বিক্রি শুরু করে। ফলে দেশটির বৈদেশিক মুদ্রার মজুদ ব্যাপকভাবে কমে গেছে।মিসরের সরকার এখন লেনদেনের ভারসাম্যে সংকট ও দেশি-বিদেশি উত্স থেকে নেওয়া বিপুল অঙ্কের ঋণের চাপের মধ্যে রয়েছে। যে কারণে এখন জরুরি সহায়তা নেওয়া প্রয়োজন বলে মনে করছেন দেশটির বিশেষজ্ঞরা।