আইএমএফের দায়িত্ব চালিয়ে যাবেন লাগার্দে

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ক্রিস্টিন লাগার্দে। তবে ফ্রান্সের অর্থমন্ত্রীর দায়িত্ব পালনকালে সরকারি তহবিল ব্যবহারে দায়িত্বহীনতার মামলায় বিশেষ আদালতের দেওয়া রায়ের বিষয়ে আপিল না করার কথাও জানিয়েছেন তিনি।
ক্রিস্টিন লাগার্দে গত সোমবার দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘আইএমএফ-প্রধানের দায়িত্ব পালনকালে গত পাঁচ বছরে নির্বাহী বোর্ডের যে অকুণ্ঠ সমর্থন পেয়েছি, সে জন্য আমি বিশেষভাবে কৃতজ্ঞ। বিশেষ করে মামলা চলাকালে বোর্ড যেভাবে তাদের সমর্থন জানিয়ে গেছে, সেটি আমাকে অনেক শক্তি দিয়েছে। আইএমএফের সহকর্মীদেরও আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই। গত কয়েক দিনে তাঁরা যেভাবে আমার পাশে ছিলেন, সেটির কোনো তুলনা নেই। আইএমএফের সবচেয়ে বড় শক্তি হলো এর মানবসম্পদ। সামনের দিনগুলোতে একসঙ্গে আমরা এই মহান প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই।’
ক্রিস্টিন লাগার্দে আরও বলেন, ‘সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সঙ্গে আমার ওপর অর্পিত দায়িত্ব পালনের চেষ্টা করেছি। বিশেষ আদালতের রায়ে আমার সচেতনতার অভাবের কথা বলা হলেও এ জন্য কোনো শাস্তি অথবা নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। এ সিদ্ধান্তে আমি খুশি না হলেও সামনে এগোনোর পদক্ষেপ হিসেবে এটিকে এখানেই শেষ করার সিদ্ধান্ত নিয়েছি।’
এদিকে আইএমএফের নির্বাহী বোর্ড অপর এক বিবৃতিতে ক্রিস্টিন লাগার্দের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ক্রিস্টিন লাগার্দের নেতৃত্বের প্রতি আমাদের আস্থা আছে। ভবিষ্যতে দায়িত্ব পালনে তাঁর প্রতি বোর্ডের সহযোগিতা অব্যাহত থাকবে।’
উল্লেখ্য, গত সোমবার ফ্রান্সের কোর্ট অব জাস্টিস অব দ্য রিপাবলিক (সিজেআর) নামের বিশেষ আদালতের রায়ে বলা হয়, অর্থমন্ত্রী হিসেবে বার্নার্ড ট্যাপি নামের একজন ব্যবসায়ীকে ৪২ কোটি ৯০ লাখ ডলারের আর্থিক ক্ষতিপূরণে অনুমোদন দেওয়ার বিষয়ে ক্রিস্টিন লাগার্দের আরও সচেতন হওয়া উচিত ছিল। সেটি করতে তিনি ব্যর্থতার পরিচয় দিয়েছেন।