আইএমএফের দেখানো সংস্কার কর্মসূচি প্রতিফলিত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের মধ্য মেয়াদি সামষ্টিক অর্থনৈতিক কাঠামো এই সরকারের মেয়াদকালেই চারবার পরিবর্তন করা হয়েছে। আর বর্তমান বাজেটে গৃহীত রাজস্ব ব্যবস্থাপনা, সংকোচনমূলক মুদ্রানীতি এবং নমনীয় বিনিময় হার পদ্ধতিতে মূলত সরকার ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মধ্যে সম্পাদিত তিন বছর মেয়াদি সংস্কার কর্মসূচিরই প্রতিফলন ঘটছে।বেসরকারি গবেষণা সংস্থা উন্নয়ন অন্বেষণ বাংলাদেশের অর্থনীতির সাম্প্রতিক গতি-প্রকৃতি সম্পর্কে যে মূল্যায়ন প্রতিবেদন তৈরি করেছে, তাতে এই পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে। এটি চলতি ২০১২-১৩ অর্থবছরের ষাণ্মাসিক প্রতিবেদন হিসেবে গত শনিবার গণমাধ্যমের কাছে পাঠানো হয়েছে। এটি আবার বর্তমান সরকারের চার বছর পূর্তিকালে প্রকাশিত হয়েছে। গবেষণা সংস্থাটি বলছে, সম্প্রতি যেসব সংস্কার কর্মসূচি নেওয়া হয়েছে, সেগুলো বর্তমান সময়ে; এমনকি মূলধারার অর্থনীতিবিদদের দ্বারাও সমালোচিত হচ্ছে। বাংলাদেশের মতো বর্ধিষ্ণু অর্থনীতিতে এ ধরনের পদক্ষেপের যৌক্তিকতা প্রশ্নসাপেক্ষ মন্তব্য করে উন্নয়ন অন্বেষণ বলছে, এসব ব্যবস্থা প্রবৃদ্ধির হার কমিয়ে দিচ্ছে ও আগামী বছরগুলোতে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধির হার কমিয়ে দিতে পারে।উন্নয়ন অন্বেষণের মতে, বর্তমান বাজেটে গৃহীত পরিকল্পনাগুলো বাস্তবায়নের ক্ষেত্রে সরকার বড় চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। সঞ্চয় ও বিনিয়োগের পার্থক্য বেড়ে চলা, রাজস্বনীতি ও মুদ্রানীতিতে অসামঞ্জস্যতা, মূল্যস্ফীতির চাপ এবং অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি ২০১২-১৩ অর্থবছরে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনকে বাধাগ্রস্ত করছে। গবেষণা প্রতিষ্ঠানটি বলছে, বর্তমান উচ্চ সুদের হার বিদেশি বিনিয়োগকেও তেমনভাবে আকৃষ্ট করতে পারছে না। আর রাজনৈতিক অস্থিতিশীলতা বিদেশি বিনিয়োগকে বাধাগ্রস্ত করছে।২০১২-১৩ অর্থবছরে বাজেটে ভর্তুকি ব্যয় ধরা হয়েছে ১৪ হাজার ৪৪৫ কোটি টাকা, যা ২০১১-১২ অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় ৩০ দশমিক ৩১ শতাংশ বেশি। এ তথ্য উল্লেখ করে উন্নয়ন অন্বেষণ বলছে, ২০১২-১৩ অর্থবছরে সামাজিক নিরাপত্তা ও কৃষি খাতে ভর্তুকি বরাদ্দ কমলেও জ্বালানি ও বিদ্যুৎ খাতে অধিক ভর্তুকি দেওয়ার ফলে মোট ভর্তুকির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই অত্যধিক ভর্তুকি বৃদ্ধি সরকারের মোট ব্যয়ের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।