বাজেট ২০১২-১৩: উন্নয়ন অন্বেষণের বাজেট পর্যালোচনা
আইএমএফের সঙ্গে চুক্তি অনুসারে রাজস্ব পদক্ষেপ
আগামী ২০১২-১৩ অর্থবছরের বাজেটে যেসব রাজস্ব নীতি-পদক্ষেপ ঘোষিত হয়েছে, তা মূলত সরকারের সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চুক্তি অনুযায়ী তিন বছর মেয়াদি কর্মসূচির অংশ। আর এসব পদক্ষেপ তাই অর্থনৈতিক প্রবৃদ্ধিকে কমিয়ে দিতে পারে।বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান উন্নয়ন অন্বেষণের মতে, যখন সরকারের জন্য সামষ্টিক অর্থনীতির ভারসাম্য রক্ষা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, তখন আইএমএফের কঠোর শর্তাবলি অনুসরণ করতে হচ্ছে।বাজেটে ৭ দশমিক ২ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ঘোষিত হয়েছে। কিন্তু উন্নয়ন অন্বেষণ আইএমএফের ঋণ কর্মসূচির শর্তাবলির প্রভাব প্রকৃত চলকের ওপর বিশ্লেষণ করে দেখতে পায় যে, ২০১২-১৩ অর্থবছরের মোট দেশজ উৎপাদন কমে ৫ দশমিক ৩১ শতাংশ হতে পারে। এই পূর্বাভাস মধ্যমেয়াদি সামষ্টিক অর্থনৈতিক কাঠামো (এমটিএমএফ) এবং মধ্যমেয়াদি বাজেট কাঠামোর (এমটিবিএফ) প্রাক্কলন অপেক্ষা ১ দশমিক ৮৯ শতাংশ কম।উন্নয়ন অন্বেষণ আরও বলছে, সরকার ঋণের বোঝা বাড়িয়ে চলছে, যা বাজেট ঘাটতি বাড়ানোর পাশাপাশি বেসরকারি খাতে বিনিয়োগের জন্য অর্থপ্রবাহকে বাধাগ্রস্ত করছে। বিনিয়োগকে কমিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে মন্থর করছে।২০১২-১৩ অর্থবছরের বাজেটের পর দ্রুত পর্যালোচনায় উন্নয়ন অন্বেষণ এসব কথা বলেছে। গতকাল গণমাধ্যমের কাছে এই পর্যালোচনা পাঠানো হয়।এতে বলা হয়, আইএমএফের বর্ধিত ঋণ কর্মসূচির আওতায় সরকারি খরচ কমিয়ে বাজেট ঘাটতি কমানোর কথা বলা হয়েছে। কিন্তু বাংলাদেশের মতো উদীয়মান অর্থনৈতিক ক্ষেত্রে ঘাটতি অপেক্ষা ঘাটতির ব্যবহারই মূল আলোচ্য বিষয়। ঘাটতি যদি উৎপাদনশীল খাতে ব্যবহার করা হয়, তাহলে তা অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করতে পারে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এটি চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেননা চুক্তিভিত্তিক ভাড়া করা বিদ্যুৎকেন্দ্র শুধু ভর্তুকি গ্রহণ করছে, কিন্তু কাঙ্ক্ষিত মাত্রায় বিদ্যুৎ উৎপাদন করছে না।উন্নয়ন অন্বেষণ আরও বলছে, ২০১২-১৩ অর্থবছরে বাজেট ঘাটতি প্রাক্কলন করা হয়েছে ৫২ হাজার ৬৮ কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদনের ৫ শতাংশ। তবে সংশোধিত বাজেটে এর আকার বেড়ে গিয়ে দাঁড়াতে পারে ৫৩ হাজার ৩৬৫ কোটি টাকা। আবার আগামী অর্থবছরে ব্যাংক-ব্যবস্থা থেকে সরকারের ঋণ গ্রহণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৩ হাজার কোটি টাকা। কিন্তু বর্তমান ধারা অব্যাহত থাকলে সংশোধিত বাজেটে তা ৩৫ হাজার ১৯০ কোটি টাকায় গিয়ে ঠেকতে পারে।বৈদেশিক সাহায্যের প্রবাহ বর্তমান অর্থবছরে অন্যান্য বছরের তুলনায় অনেক কম। এর সঙ্গে সঙ্গে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগের প্রবাহ নিম্নমুখী ধারা অনুসরণ করছে। আইএমএফের ঋণ সত্ত্বেও বৈদেশিক উৎস থেকে পাওয়া সাহায্যও সংকুচিত হচ্ছে, যা সরকারি বিনিয়োগের ওপর চাপ সৃষ্টি করবে এবং দেশের প্রবৃদ্ধির ধারা বাধাগ্রস্ত করবে।বাজেট ঘাটতি মূলত অর্থনৈতিক ব্যবস্থাপনার বিশৃঙ্খলার ফল—এ মন্তব্য করে উন্নয়ন অন্বেষণ বলছে, এটি প্রবৃদ্ধির ক্ষেত্রে নেতিবাচক ভূমিকা পালন করে। অথচ সরকারি ব্যয় কমানোর উদ্দেশ্যে বিভিন্ন ক্ষেত্রে ভর্তুকি কমানো এবং এর অব্যবস্থাপনা উৎপাদন খরচ বাড়ানোর মাধ্যমে মূল্যস্ফীতিকে ত্বরান্বিত করতে পারে।