আইএমএসএমই অব বাংলাদেশ নামে নতুন একটি সংগঠনের উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা কর্মসংস্থান বাড়াতে এসএমই খাতের উন্নয়নের তাগিদ দিয়েছেন।
নতুন এ সংগঠন গড়ে তোলা হয়েছে আইএমএসএমই অব ইন্ডিয়ার আদলে। এটি ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) উদ্যোক্তাদের ব্যবসায়িক দিকনির্দেশনা, প্রশিক্ষণ, পরিকল্পনা প্রণয়ন ও ঋণ প্রাপ্তিতে সহযোগিতা করবে বলে উদ্যোক্তারা জানান।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান প্রধান অতিথি হিসেবে গতকাল বুধবার রাজধানীর র্যাডিসন হোটেলে আনুষ্ঠানিকভাবে নতুন এ সংগঠনের উদ্বোধন করেন। বিআইবিএমের মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুন ও ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ। আরও বক্তব্য দেন আইএমএসএমই অব ইন্ডিয়ার চেয়ারম্যান রাজীব চাওলা, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, ঢাকা চেম্বারের সভাপতি হোসেন খালেদ, ভারতের ন্যাশনাল স্মল স্কেল ইন্ডাস্ট্রির চেয়ারম্যান রবীন্দ্রনাথ এবং বাংলাদেশের এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান কে এম হাবিবউল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এসএমই খাতই দেশের অর্থনৈতিক উন্নয়নে সর্বাধিক ভূমিকা রাখতে পারে। এ খাতের উন্নয়নের মাধ্যমে অল্প পুঁজি বিনিয়োগ করে অধিক কর্মসংস্থান তৈরির সুযোগ রয়েছে।
গভর্নর জানান, গত ছয় বছরে দেশে এসএমই খাতে ৫০ লাখের বেশি কর্মসংস্থান তৈরি হয়েছে। এই সময়ে কেন্দ্রীয় ব্যাংকের পুনঃ অর্থায়ন কার্যক্রমের আওতায় চলতি বছরের মার্চ পর্যন্ত এ খাতে ঋণ বিতরণ করা হয়েছে ৪ হাজার ৭৬০ কোটি টাকা। এর মধ্যে সাড়ে ১২ হাজারের বেশি নারী উদ্যোক্তাকে দেওয়া হয়েছে প্রায় ১ হাজার ১৫৬ কোটি টাকার ঋণ।
আতিউর রহমান বলেন, এসএমই খাতে ঋণ বিতরণ উৎসাহিত করা হচ্ছে। সে জন্য এ ধরনের ঋণের বিপরীতে নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশনিংয়ের বিধান কিছুটা শিথিল করা হয়েছে। অন্যান্য ঋণের ক্ষেত্রে যে পরিমাণ প্রভিশনিং করতে হয়, এসএমই ঋণের বেলায় তার চেয়ে কম প্রয়োজন।
গভর্নর আরও বলেন, বাংলাদেশসহ এ অঞ্চলে এখনো এসএমই খাত সুসংগঠিত নয়। এ কারণে বেশির ভাগ ক্ষেত্রেই এ খাতের উদ্যোক্তাদের চাওয়া-পাওয়ার কথাগুলো নীতিনির্ধারক পর্যায়ে পৌঁছায় না। তাই এ খাতের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগোতে হবে।
এদিকে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) ও বিভিন্ন এসএমই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সহযোগিতায় গঠিত নতুন সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক করা হয়েছে যথাক্রমে এসএমই উদ্যোক্তা সৈয়দ আহমদ কিরণ ও সাফিয়া শ্যামাকে। সংগঠনের উপদেষ্টা হিসেবে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের এসএমই বিভাগের সাবেক মহাব্যবস্থাপক সুকোমল সিংহ চৌধুরী।
অনুষ্ঠানে ইইউ রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুন বলেন, পর্যাপ্ত কর্মসংস্থানের অভাবে বাংলাদেশ থেকে অনেক মানুষ দেশের বাইরে গিয়ে নানা কষ্টের শিকার হচ্ছে। এসএমই খাতের উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সমস্যার অনেকটা সমাধান করা সম্ভব।
ইইউ রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশের এসএমই খাতের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। ইউরোপের বাজারে বাংলাদেশি পণ্য বিক্রিতে দেওয়া হচ্ছে নানা সুবিধা।
ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরন বলেন, অর্থনৈতিক উন্নয়ন ও শিল্পায়নের জন্য এসএমই খাতকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। আইএমএসই অব ইন্ডিয়া ও আইএমএসএমই অব বাংলাদেশ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এ খাতকে এগিয়ে নিতে পারে।
অনুষ্ঠানে দেওয়া বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান মিলে এসএমই খাতে মোট ৩৮৯ হাজার কোটি টাকা ঋণ বিতরণ করেছে। এর মধ্য থেকে গত ছয় বছরে ৮০ হাজার নারী উদ্যোক্তাকে দেওয়া হয়েছে প্রায় ৪ হাজার ২৫৪ কোটি টাকার ঋণ। ২০০৯ সালে মোট ঋণে এসএমই খাতের উদ্যোক্তাদের অংশ ছিল ৪৩ শতাংশ, যা ২০১৪ সালে বেড়ে ৫২ শতাংশে উন্নীত হয়েছে।